সূচিশিল্পের প্রসার হলে দারিদ্র্য থাকতে পারে না: বাণিজ্যমন্ত্রী
সব জেলায় সূচিশিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশে আর দারিদ্র্য থাকতে পারে না। এ ধরনের আত্মকর্মসংস্থানমুখী প্রতিষ্ঠানের সহায়তায় সবার এগিয়ে আসা উচিত।লালমনিরহাট জেলা শহরে দুই ভাইবোনের গড়ে তোলা সূচিশিল্প প্রতিষ্ঠান শৈলীকা হ্যান্ডিক্রাফ্টসের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গত রোববার কথাগুলো বলেন। অনুষ্ঠানে শৈলীকা হ্যান্ডিক্রাফ্টসের শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার হিসেবে তিনজনকে নলকূপ সেট, ১০ জনকে স্যানিটারি ল্যাট্রিন, পাঁচজনকে ছাতা ও ৬০০ জনকে ফলদ বৃক্ষের চারা দেওয়া হয়।শৈলীকা হ্যান্ডিক্রাফ্টসে স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. মোখলেছার রহমান সরকার, জেলা পরিষদের প্রশাসক মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আলম, স্থানীয় চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ ও জাতীয় পার্টির জেলা সম্পাদক মো. মাহাবুবার রহমান। এতে আরও বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা মো. আশরাফুজ্জামান মণ্ডল, সাংবাদিক আবদুর রব, নাট্যকার শৌর্যদীপ্ত সূর্য, কবি ফেরদৌসী রহমান, ব্যবসায়ী ফজলুল হক ফজল, জাপা নেতা এস কে খাজা মঈনউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ও আরিফা আক্তার মেধাবী হয়েও টাকার অভাবে লেখাপড়া চালাতে না পেরে ১৯৯৮ সালে লালমনিরহাট জেলা শহরের পুরানবাজারে ‘শৈলীকা হ্যান্ডিক্রাফ্টস’ নামক এই সূচিশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা শুধু তাঁদের দুই ভাইবোনেরই ভাগ্য ফেরায়নি, এলাকার অন্তত এক হাজার দুস্থ ও অসহায় মহিলার মুখে ফুটিয়েছে সচ্ছলতার হাসি।প্রসঙ্গত, ২০০৪ সালের ২৩ এপ্রিল শুক্রবারের বিশেষ প্রতিবেদন হিসেবে তাঁদের নিয়ে ‘ভাইবোনের সাফল্য গাথা’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোর প্রথম পাতায়।