চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধের জন্য বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি গ্রহণ করেছে, তাকে সংকোচনমূলক আখ্যায়িত করে বেসরকারি গবেষণা সংস্থা ‘উন্নয়ন অন্বেষণ’ বলেছে, এই মুদ্রানীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও হ্রাস করতে পারে।উন্নয়ন অন্বেষণের মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের মুদ্রানীতি ব্যবস্থাপনায় সৃজনশীলতার নিদর্শন রাখার আরও একটি সুযোগ হারাল। উন্নয়ন অন্বেষণ মনে করে, বর্তমান মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে মূলত তিনটি চ্যালেঞ্জ ছিল। এগুলো হলো—মূল্যস্ফীতির চাপ হ্রাসকরণ, বৈদেশিক লেনদেন ভারসাম্যে স্থিতি অবস্থা আনায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা। কিন্তু সনাতনী কায়দায় মূল্যস্ফীতিরোধের ওপর গুরুত্বারোপ করায় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন বছর মেয়াদি সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, একদিকে প্রবৃদ্ধি বজায় রাখা এবং অন্যদিকে মূল্যস্ফীতির চাপ হ্রাস করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সৃজনশীলতার পরিচয় দিতে পারত। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি বাণিজ্যের ক্ষেত্রে ‘আমদানি কমানোর জন্যই আমদানি হ্রাস’ নীতি গ্রহণ না করে উৎপাদন বৃদ্ধিকারী বা মূল্যসংযোজনকারী আমদানি তথা উৎপাদন উপকরণ, মূলধনী যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য আমদানিকে ‘কেস ভিত্তিক’ বা স্বতন্ত্রভাবে পর্যালোচনা করার কৌশলের আওতায় নিয়ে আমদানি বহাল রাখতে পারত। এতে অন্যান্য আমদানির লাগাম টেনে ধরা যেত।গবেষণা সংস্থাটি আরও বলছে, সুদের হার বাড়ানোর মাধ্যমে বিনিয়োগযোগ্য তহবিল বাবদ খরচ বাড়িয়ে উৎপাদনের ওপর চাপ সৃষ্টি করে প্রবৃদ্ধির ধারাকে হ্রাস না করে বাংলাদেশ ব্যাংক টার্গেট-ভিত্তিক কৌশল ব্যবহার করে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিকারী খাতে ঋণ সরবরাহ বাড়াতে পারত এবং অনুৎপাদনশীল খাতে ঋণ সরবরাহ কমাতে পারত।সৃজনশীল মুদ্রানীতি গ্রহণ করলে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার গতি-প্রকৃতি থেকে অর্থনীতি আবার ক্রমহ্রাসমান ধারায় বেড়ে উঠে আসতে পারত বলেও মন্তব্য করেছে উন্নয়ন অন্বেষণ। প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, সদ্য সমাপ্ত ২০১১-১২ অর্থবছরে প্রবৃদ্ধির হার নেমে এসেছে ছয় দশমিক ৩০ শতাংশে, যেখানে তার আগের বছরের প্রবৃদ্ধির হার ছিল ছয় দশমিক ৭০ শতাংশ।উন্নয়ন অন্বেষণ মনে করে, নীতিকৌশল প্রণয়ন বিশেষত রাজস্ব ব্যবস্থাপনায় দূরদৃষ্টির অভাব থেকে বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে। সরকার ‘কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট’ স্থাপনের জন্য ব্যাপক ঋণ গ্রহণ করে। এর ফলে মুদ্রা সরবরাহ বেড়ে যায়। অন্যদিকে এই প্ল্যান্টগুলোর জন্য অত্যাধিক পরিমাণে তেল আমদানি করতে হয়। অধিক আমদানি চাহিদা এবং রপ্তানি আয় সমহারে বৃদ্ধি না হওয়ায় বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ে এবং ডলারের টাকার অবমূল্যায়ন ঘটে। এই দুই পরিস্থিতির কারণে আরও মূল্যস্ফীতি হয় উল্লেখ করে উন্নয়ন অন্বেষণ বলছে, একই সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং উৎপাদনের উপকরণের মূল্যবৃদ্ধির কারণে লাগামহীন মূল্যস্ফীতি বজায় ছিল।পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে মূলধনী যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ ও মধ্যবর্তী পণ্যের আমদানি কমে যায়, অন্যদিকে সুদের হার বাড়ে। এ দুয়ের প্রভাবে বিনিয়োগ ও উৎপাদন হ্রাস পায়। ফলে প্রবৃদ্ধির হারও কমে যায়। অন্যদিকে মূল্যস্ফীতি সন্তোষজনক হারে কমেনি। ২০১১-১২ অর্থবছরে দেশে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি গত তিন অর্থবছর থেকে ক্রমাগত বাড়ছে। তবে ২০১১-১২ অর্থবছরের শেষ দিকে কিছুটা নিম্নমুখী হয়েছে। প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি গতি-প্রকৃতি বিশ্লেষণ করে চলতি মুদ্রানীতিতে উৎপাদনশীল খাতে বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থাটি।