সৃজনশীল যোগাযোগের জন্য পুরস্কার দিল ব্র্যান্ড ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী, উদ্ভাবনী ও সৃজনশীল পারদর্শিতার জন্য সেরা যোগাযোগমাধ্যমকে ‘কমঅ্যাওয়ার্ড ২০১০’ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। যোগাযোগসংক্রান্ত কার্যক্রমে পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন এবং স্বীকৃতি দিতেই এ পুরস্কার। এ বছর পুরস্কার দেওয়া হয় ১২টি বিভাগে।গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বিবিএফ দ্বিতীয়বারের মতো এই পুরস্কার দেয়। নাভানা গ্রুপ ও ক্যাটালিস্ট অনুষ্ঠানের সহ-আয়োজক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিবিএফের প্রধান উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার, প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, সৃজনশীল উপদেষ্টা নাজিয়া আন্দালিব, মারিকো বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান সৌমেন্দু শংকর দাশ প্রমুখ।এর আগে দিনব্যাপী সেমিনার, ভিডিও প্রদর্শনী এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণফোনের সহায়তায় ‘এসএমই এজেন্সির জন্য যোগাযোগ’ এবং ক্যাটালিস্টের সহায়তায় ‘প্রান্তিক যোগাযোগ’ শীর্ষক দুটি কর্মশালায় আলোচক ছিলেন গ্রে এশিয়া প্যাসিফিকের চিফ স্ট্র্যাটেজিক প্লানিং অফিসার বিন্দু শেঠি, আঞ্চলিক পরিচালক মাধুকর স্যাবনাভিস, স্টারকমের নির্বাহী পরিচালক তরুণ দীপ কুমার, অগিলভি আউটরিচের সৃজনশীল পরিচালক রাজকুমার ঝা প্রমুখ।অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মারিকো বাংলাদেশ, মিডিয়া পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার ইউ ল্যাব, ব্যাংকিং পার্টনার ইউসিবি এবং টেকনিক্যাল পার্টনার এসএসডিটেক। আর কমঅ্যাওয়ার্ডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্দেশ্যে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করেছে কানস্। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হিসেবে কাজ করেছে রোয়ারিং লায়ন্স।আয়োজকেরা জানান, ৫৫০ জন প্রতিনিধিত্বশীল ব্যবসায়ী উৎসবে অংশ নিয়েছেন। এবারের কমঅ্যাওয়ার্ডে বিজ্ঞাপনী সংস্থাগুলো নিজ নিজ পারদর্শিতা উপস্থাপনের সুযোগ পেয়েছে বলেও জানান তাঁরা। বিবিএফের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, দেশের বিজ্ঞাপন জগতে সৃজনশীলতার প্রতিযোগিতা তৈরি এবং সেরা সৃজনশীলদের পুরস্কৃত করতে বিবিএফের এই আয়োজন। উদ্যোগটি সমাজ-সচেতনতা তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদী। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন এশিয়াটিকের সারা যাকের, অ্যাডকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গীতি আরা সাফিয়া চৌধুরী, গ্রামীণফোনের যোগাযোগ বিভাগের প্রধান কাজী মনিরুল কবীর, ব্র্যাক ব্যাংকের জিসান কিংশুক এবং ফাহিমা চৌধুরী, সৈয়দ এম নওফেল আনোয়ার, সৈয়দা মুনা তাসনীম প্রমুখ। পুরস্কার: এ বছর যেসব প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচারের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাগুলো পুরস্কার পেয়েছে, সেসব প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, ইউনিলিভার, নকিয়া, প্রথম আলো, এইচএসবিসি, অটবি, পারফেটি ভেন মেল, স্কয়ার টয়লেট্রিজ ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।সেরা পিআর ক্যাম্পেইন (গণপ্রচারণা) বিভাগে পুরস্কার পেয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ; সেরা রেডিও প্রচারণায় গ্রামীণফোন ইমেজ এনহেন্সিং সিএসআর এবং সেরা ইনটিগ্রেটেড ক্যাম্পেইনে লাক্স-চ্যানেল আই সুপারস্টার। তিনটিরই বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডকে এ জন্য পুরস্কৃত করা হয়েছে।গ্রামীণফোন-প্রথম আলো একাত্তরের চিঠি সামাজিক প্রচারণা আর প্রথম আলোর ‘আপনি শুরু করুন, বাকিরা ঠিকই বদলাবে’ টিভিসি প্রচারণার জন্য পুরস্কার পেয়েছে গ্রে ইন্টারন্যাশনালের সংস্থা গ্রে ঢাকা। ইউনিলিভারের সার্ফ এক্সেল ৫০০ গ্রাম পণ্যটির জন্য কনজুমার প্রমোশন বিভাগে পুরস্কার পেয়েছে অ্যাডকম।আউটডোর প্রচারণা বিভাগে মেটামরফসিসের জন্য অটবি ও পিরানা পুরস্কার পেয়েছে। প্রিন্ট প্রচারণায় স্কয়ার টয়লেট্রিজের প্রচারণার জন্য বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড পুরস্কার পেয়েছে।অ্যাকটিভিশন বিভাগে সেরা পুরস্কার পেয়েছে নকিয়ার প্রচারণা অভিযান, যার বিজ্ঞাপনী সংস্থা স্পটলাইট। ইন্টারেক্টিভ বিভাগে নকিয়ার প্রচারণা উত্তরাধিকার—কার হবে অভিষেকের জন্য এশিয়াটিক ইভেন্ট পুরস্কৃত হয়েছে।। লঞ্চ ক্যাম্পেইন বিভাগে পারফেটি ভ্যান মেলের জন্য বিজ্ঞাপনী সংস্থা অগিলভি অ্যান্ড ম্যাথার পুরস্কৃত হয়েছে। আর গ্রামীণ যোগাযোগ বিভাগে বাংলাদেশ এডিবল অয়েলের বিজ্ঞাপনী সংস্থা আইআর অ্যাকটিভিশন অ্যান্ড প্রমোশন পুরস্কার পেয়েছে।