সৃজনশীল শিল্পও রাখতে পারে বড় অবদান

জার্মানির ইন্টারন্যাশনাল ডিজাইন সেন্টারের পরিচালক অধ্যাপক এরিখ স্পাইকেরম্যান বললেন, জার্মানির কোনো তেলের খনি নেই, নেই অন্য কোনো খনিজ সম্পদও। এটুকু বলার পর বেশ নাটকীয় ভঙ্গিতে নিজের মাথার দিকে আঙুল দেখিয়ে বললেন, আছে কেবল বুদ্ধি। আর এই বুদ্ধি দিয়েই এগিয়ে যাচ্ছে দেশটি।
দশ জনের একটা গ্রুপ, সবাই সাংবাদিক নয়। এনজিও কর্মীও আছেন। আমন্ত্রণ ছিল জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তবে এর সঙ্গে জড়িত আছে জার্মান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সফরের প্রথম দিনের প্রথম অনুষ্ঠান ছিল বার্লিনের এই ডিজাইন সেন্টারে।
জার্মানি ভারী শিল্পের জন্য বিখ্যাত। গাড়ি জার্মানির অন্যতম বড় শিল্প। কিন্তু সবার উন্নতি আর কর্মসংস্থানের জন্য কেবল বড় শিল্পের ওপর নির্ভর করলে চলে না। এখানেই গুরুত্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। আর তাদের জন্যই কাজ করছে ইন্টারন্যাশনাল ডিজাইন সেন্টার। সেন্টারে আয়োজিত কর্মশালার মূল বক্তা অধ্যাপক এরিখ।
এরপরের কর্মসূচি ছিল অর্থ মন্ত্রণালয়ে, পুরো নাম ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিকস অ্যান্ড এনার্জি। মতবিনিময় অনুষ্ঠান। বিষয় হচ্ছে, কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। জার্মানির অর্থনীতিতে এই শিল্পের ভূমিকাও কম নয়। তবে দেশটির সরকার অর্থনীতিতে এই খাতের অবদান আরও বাড়াতে চায়। এ জন্য তৈরি করা হয়েছে একটি কমিশন, যেটির নাম ফেডারেল গভর্নমেন্ট কমিশনার ফর কালচার অ্যান্ড দ্য মিডিয়া। এটির কাজ হচ্ছে এই খাত নিয়ে কাজ করা, সুযোগ-সুবিধা দেওয়া। কমিশনের কাজের বর্ণনা দিলেন এর দুই প্রতিনিধি মাইকেল ক্লিপার ও লেনা কেনেচট।
ক্রিয়েটিভ বা সৃজনশীল শিল্প অর্থনীতিতে কী অবদান রাখছে তা বের করার চেষ্টা করেছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। অবদান সামান্যই পেয়েছিল বিবিএস। তবে জার্মানির কমিশন ফর কালচার অ্যান্ড দ্য মিডিয়া বহুদিন ধরেই কাজটি করে আসছে। আগেই বলেছি, জার্মানির সবচেয়ে বড় শিল্প অটোমোবাইল বা গাড়ি শিল্প। মার্সিডিজ বেনজ বা বিএমডব্লিউর নাম ও চাহিদা বিশ্বজোড়া বিস্তৃত। জার্মানির অর্থনীতিতে এই শিল্পের মোট মূল্য সংযোজনের পরিমাণ ১২৯.৬ বিলিয়ন বা ১২ হাজার ৯৬০ কোটি ইউরো।
ভারী যন্ত্রপাতি দেশটির আরেকটি বড় খাত। জার্মানির যন্ত্রপাতি মানেই সবচেয়ে ভালো—এ রকম এক সুনাম আছে। এই খাতের মূল্য সংযোজন ৯ হাজার ৩৮০ কোটি ইউরো। এরপরেই আছে আর্থিক সেবা খাত, যার মূল্য সংযোজন ৭ হাজার ১০০ কোটি ইউরো। এরপরেই শিল্প ও ক্রিয়েটিভ খাতের অবস্থান, যেটির মূল্য সংযোজন ৬ হাজার ৪০০ কোটি ইউরো। দেশটির বাকি দুই প্রধান খাত হচ্ছে জ্বালানি সরবরাহ (৪ হাজার ৭২০ কোটি ইউরো) এবং রসায়নশিল্প (৪ হাজার ২৯০ কোটি ইউরো)।
মূলত ১১টি উপখাত আছে কালচার ও ক্রিয়েটিভ খাতে। যেমন: সংগীত, বই, আর্ট, সিনেমা, সম্প্রচার, পারফর্মিং আর্ট, স্থাপত্য, ডিজাইন, প্রকাশনা, বিজ্ঞাপন এবং সফটওয়্যার ও গেমস শিল্প।
এই ১১ উপখাতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সফটওয়্যার ও গেমস শিল্প, বছরে এই খাতের লেনদেনের পরিমাণ ৩ হাজার ৩৭৪ কোটি ইউরো।
অনুষ্ঠানে আমাদের জানানো হলো, বার্লিন শহরের বড় শিল্প খাত হচ্ছে এই সফটওয়্যার ও গেমস শিল্প। আরও পরিষ্কারভাবে বললে বলা যায়, এই খাতের স্টার্ট-আপ শিল্প। তরুণেরা নানা ধরনের ধারণা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে। আর কমিশনের কাজ হচ্ছে তরুণদের সব ধরনের সাহায্য করা।
জানিনা মেনগেলক্যাম্প আমাদের গাইড। তিনি বললেন, পাঁচ বছর আগেও বার্লিন এতটা আন্তর্জাতিক শহর ছিল না। এখন এই শহরে সারা বিশ্বের মানুষ দেখা যায়। পর্যটকদের মেলা বসে। আর তাদের সবার জন্য নানা ধরনের সেবা দেওয়ার ধারণা নিয়ে আসছে নানা স্টার্ট আপ কোম্পানি। মূলত এরাই বার্লিনকে প্রাণবন্ত রাখছে।
জার্মানি ধনী দেশ। কোনো কিছুরই তেমন অভাব নেই। তারপরও তরুণদের কাজের সুযোগ তৈরি করে দিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) নিয়ে তাদের কত কত উদ্যোগ। স্টার্ট আপ কোম্পানির জন্য নানা ধরনের সহায়তা। কারণ ভারী শিল্প অর্থনীতিতে অবদান রাখলেও কর্মসংস্থান কম হয়। সুতরাং ভরসা ছোট ছোট প্রতিষ্ঠানে। আর এখানেই তো পিছিয়ে বাংলাদেশ।