বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্টকে নিয়ে অর্থমন্ত্রী
সেই হতভাগাই বন্ধ করে দেয় পদ্মা সেতুর অর্থায়ন
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়া বিশ্বব্যাংকের ভুল ছিল বলে আবারও মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, অর্থায়ন বন্ধ করে দেওয়ার কাজটি করেছিলেন তখন বিশ্বব্যাংকের সবচেয়ে ‘অপদার্থ’ সভাপতি (রবার্ট জোয়েলিক)। সেই হতভাগাই বন্ধ করে দেন। আর ওই দিন ছিল ‘গর্দভটির’ শেষ কর্মদিবস।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল রোববার ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ. কাদির চৌধুরী রচিত তলাবিহীন ঝুড়ি নয় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শীর্ষক গ্রন্থের একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা ওই বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নিই। পরে যিনি সভাপতি হয়ে এলেন, তাঁকে বললাম, আপনাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করলও পরে বিশ্বব্যাংক। অর্থাৎ বিশ্বব্যাংকও পরে স্বীকার করে নিল কাজটি তাদের ঠিক হয়নি।’
অর্থমন্ত্রী বলেন, আর এরপরেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভয়ের কোনো কারণ নেই। কাজ চলছে। এটি আদর্শ প্রকল্প হবে এবং ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে। বাতিল হওয়া প্রকল্পের সব অর্থও এখন অর্থমন্ত্রীর হাতে বলে জানান তিনি।
পদ্মা সেতুর বাইরে তলাবিহীন ঝুড়ির ভুল ও বহুল ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এখন এটি ভুলে গেছি। কেউই বলি না। আর হেনরি কিসিঞ্জারও এমন মন্তব্য করেননি। করেছিলেন মূলত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি উরাল এলেক্সিস জনসন। তিনি একটি বৈঠকে বলেছিলেন, বাংলাদেশ হবে একটি আন্তর্জাতিক ঝুড়ি (ইন্টারন্যাশনাল বাস্কেট কেস)।’ কিসিঞ্জার বরং বলেছিলেন, ‘এটি যেহেতু আমাদের ঝুড়ি হবে না, তাই আমাদের চিন্তাও করতে হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ডিএসইর এমডি স্বপন কুমার বালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মিল্টন বিশ্বাস। আর প্রেসিডেন্সি কলেজের সাবেক উপাচার্য মাহবুব আলী ছিলেন গ্রন্থের আলোচক।
২২৪ পৃষ্ঠার এই বইয়ে অর্থনীতি, পুঁজিবাজার, ব্যাংক খাত, হল-মার্ক কেলেঙ্কারিসহ ৩০টি প্রবন্ধ রয়েছে। বইটি মূলত এসব প্রবন্ধেরই সংকলন।
গ্রন্থ ও লেখক বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নামের কারণেই বইটি অনেকে পড়বেন। আমি তাঁর কিছু বই পড়েছি। তাঁর কিছু সুপারিশ থাকে সব সময় এবং তিনি খুব আশাবাদী থাকেন।’