সেকেন্ডারির পাশাপাশি প্রাইমারি বাজারেও গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সেকেন্ডারি বাজারের পাশাপাশি প্রাইমারি বাজারেও সমান গুরুত্ব দিতে হবে। প্রাইমারি বাজার শক্তিশালী না হলে সেকেন্ডারি বাজারে এর প্রভাব পড়বে। শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সোমবার আইসিবির সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা এবং আইসিবি, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও স্ট্যান্ডার্ড—এসব ব্যাংকের মার্চেন্ট সিইওরা উপস্থিত ছিলেন।ফায়েকুজ্জামান বলেন, ‘বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারি প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বিস্তারিত অলোচনা হয়েছে। আমাদের সেকেন্ডারি বাজারের পাশাপাশি প্রাইমারি বাজারকেও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আমরা কিছু কৌশল অনুসরণ করার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, প্রতিটি ব্যাংকই অনেক প্রতিষ্ঠানে অর্থায়ন করে থাকে। এ ক্ষেত্রে অনেক ভালো কোম্পানি রয়েছে। এসব কোম্পানিকে আমরা শেয়ারবাজারে নিয়ে আসতে পারি। দীর্ঘ মেয়াদে এসব কোম্পানি ভালো করবে। এ ক্ষেত্রে আমরা কিছু কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছি।এ ছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়েও আজ আলোচনা হয়েছে বলে জানান ফায়েকুজ্জামান। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো সফলভাবে এটা বাস্তবায়ন করছে। যেসব বিনিয়োগকারী এর মধ্যে সুদ মওকুফের জন্য আবেদন করেছেন, তাঁদের সুদ মওকুফের কার্যক্রম এগিয়ে চলছে। অন্যদেরও আবেদন করতে বলা হয়েছে।ফায়েকুজ্জামান আরও জানান, বাজারের স্থিতিশীলতা রক্ষায় গঠিত বাংলাদেশ ফান্ড নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তিনি বলেন, বাংলাদেশ ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে ভালো করছে। ফান্ডটির মৌলভিত্তিও ভালো। অনেক বিদেশি বিনিয়োগকারী এই ফান্ডে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের কিছুটা সুবিধা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে।