সেঞ্চুরির পথে পেঁয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পর্যাপ্ত সরবরাহ থাকলেও দেশে পেঁয়াজের দাম কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। এমন দুর্বার গতিতে পেঁয়াজ ছুটছে যে দুই দিনের ব্যবধানেই এর দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।
ঢাকার খুচরা বাজারে গত শনিবারও দেশি পেঁয়াজ বিক্রি হয় ৬৫-৭০ টাকায়। সেই পেঁয়াজ গতকাল সোমবার বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকায়। আর ৬০-৬৫ টাকায় বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের দাম এখন ৮০-৮৫ টাকা।
পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে, তা সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ, সামনেই কোরবানির ঈদ। বছরের এই সময়টাতে পেঁয়াজের চাহিদা একটু বেশিই থাকে। ২০১৩ সালেও কোরবানি ঈদের আগে পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছুঁয়েছিল। এর মূলে ছিল ভারত সরকারের দফায় দফায় পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য বাড়ানো।
এবারের অবস্থাও সেদিকে যাচ্ছে। ভারত আবারও পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটি এখন প্রতি টন পেঁয়াজ ৪২৫ ডলারে রপ্তানি করে। এটি বাড়িয়ে করা হচ্ছে ৭০০ ডলার। এর আগে গত ২৬ জুন টনপ্রতি ২৫০ ডলার রপ্তানিমূল্য বাড়ায় দেশটি।
ভারত সরকার নিজের দেশের মানুষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের মানুষের জন্য তা মড়ার উপর খাঁড়ার ঘা। কারণ, ভারতের পেঁয়াজ না হলে দেশের পেঁয়াজের চাহিদাই মেটে না।
তবে বছরের এই সময়টায় ভারতের পেঁয়াজের জন্য দেশে হাহাকার হয় না। এখনো হওয়ার কোনো কারণই নেই। কারণ, গত এপ্রিলে পেঁয়াজের ফলন উঠেছে। এবার ফলনও ভালো হয়েছে। এখনো দেশি পেঁয়াজের প্রচুর মজুত রয়েছে। তবু দেশি পেঁয়াজের দাম বাড়ছে। কারণ, ভারতীয় পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে দেশি পেঁয়াজের চাহিদা আরও বেড়েছে। এ সুযোগে চাষি ও স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা মজুত করে রাখা পেঁয়াজ বিক্রি করছেন বাড়তি দামে।
ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। দুই দিন আগেও এর দাম ছিল ৬০-৬৩ টাকা। আর ভারতীয় পেঁয়াজের দাম ছিল ৬০, এখন তা ৭০ টাকায় দাঁড়িয়েছে। যদিও বাজারে ভারতীয় পেঁয়াজ এখন খুবই কম।
অবশ্য পাইকারি বাজারে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তার চেয়ে কেজিতে ১০-১৫ টাকা বেশি দামে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
শ্যামবাজারের একজন পাইকারি ব্যবসায়ী বলেন, ‘খুচরা ব্যবসায়ীদের তদারক করার কেউ নেই। দোষ করে ওরা, আর বাণিজ্য মন্ত্রণালয় ধমক দেয় আমাদের।’
এপ্রিল মাসে যখন দেশে পেঁয়াজের ফলন ওঠে, তখন চাষিরা প্রতি মণ পেঁয়াজ ৬৫০-৭৫০ টাকায় বিক্রি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছিল। বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়। সেই পেঁয়াজই এখন মোকামের ব্যবসায়ীরা ঢাকার পাইকারদের কাছে বিক্রি করছেন প্রতি মণ মানভেদে ২৬০০-৩০০০ টাকায়। শুধু তা-ই নয়, এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫০০ টাকা।
শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক ও রতন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘ভারতের পেঁয়াজের দেখাদেখি মজুতদারেরা দেশি পেঁয়াজের দামও বাড়িয়ে দেন। ফলে আমাদের বেশি দামে ওই পেঁয়াজ কিনতে হয়, বেচতেও হয়।’ তিনি জানান, চাষিদের হাতে এখনো প্রচুর পেঁয়াজ মজুত আছে।
থাকারই কথা। কারণ, কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, দেশে এ বছর ১৯ লাখ ৩০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২-২৩ লাখ টন। অর্থাৎ মাসে পেঁয়াজের চাহিদা দুই লাখ টন।
রপ্তানিমূল্য আরও বাড়াচ্ছে ভারত: আমাদের কলকাতা প্রতিনিধি অমর সাহা জানান, ভারত সরকার গত রোববার বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে যে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে ৭০০ ডলার করা হচ্ছে। তবে সিদ্ধান্তটি এখনো কার্যকর হয়নি। এ নিয়ে দেশটির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সি বিশ্বনাথের সভাপতিত্বে গতকাল একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহাওয়ায় ভারতে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। উৎপাদিত হয়েছে ১ হাজার ৮৯২ কোটি টন পেঁয়াজ, গত বছরের উৎপাদন ছিল ১ হাজার ৯০৪ কোটি টন। রপ্তানি নিরুৎসাহিত করতেই দেশটি দফায় দফায় রপ্তানিমূল্য বাড়াচ্ছে।
শ্যামবাজারের একজন আমদানিকারক গতকাল প্রথম আলোকে বলেন, ‘চীনের একজন রপ্তানিকারকের সঙ্গে সকালে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল দেশগুলো এখন চীনের দিকে ছুটছে। এখন তো ওরাও দাম বাড়িয়ে দেবে। আমাদের জন্য চীন থেকে আমদানি করাও কঠিন হয়ে পড়বে।’
মিয়ানমার থেকে আমদানি শুরু: আমাদের টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ৫ আগস্ট টেকনাফ স্থলবন্দরে স্থানীয় আমদানিকারক-ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির তাগিদ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ১২৭ টন পেঁয়াজ আমদানি হলো। দু-এক দিনের মধ্যে আরও ২০০ টন পেঁয়াজ আমদানি হওয়ার কথা রয়েছে।
স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে আরও বেশি করে পেঁয়াজ আমদানি করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হচ্ছে।