সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড গঠন করা হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস টু ব্রোকারেজ হাউস লেনদেন নিষ্পত্তির নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ‘সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হবে। প্রাথমিকভাবে এ তহবিলের আকার হবে ২৫ কোটি টাকা। এর মধ্যে ডিএসই নিজস্ব তহবিল থেকে ২০ কোটি টাকা দেবে। বাকি পাঁচ কোটি টাকা সংগ্রহ করা হবে ব্রোকারেজ হাউসগুলো থেকে। প্রতিবছর ডিএসইর নিট মুনাফার পাঁচ শতাংশ এই ফান্ডে যোগ হবে। আজ সোমবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।রকিবুর রহমান আরও জানান, আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি বাজার থেকে যে টাকা তুলবে, তা সহযোগী কোম্পানিতে ব্যয় করা যাবে না। আইপিওর সময় সহযোগী কোম্পানির লাভ বা ক্ষতির অংশ সংশ্লিষ্ট কোম্পানির লাভ বা ক্ষতি হিসেবে দেখানো যাবে না। এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে প্রস্তাব পাঠানো হবে। এসইসির সিদ্ধান্তের পর তা কার্যকর হবে।এ ছাড়া আজকের বৈঠকে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আকার দুই কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ফান্ডে ডিএসইর পক্ষ থেকে দেওয়া হবে তিন কোটি টাকা।