সেন্ট মার্টিনসহ টেকনাফে এবার ঈদের কেনাকাটা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ঈদের বাজার বেশ জমে উঠেছে। প্রতিদিন সকাল আটটা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার বিপণিবিতান ও দোকানগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।এবার গত বছরের তুলনায় বেচাকেনা বেশি বলে জানান দোকানিরা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, দোকানিরা বেশি দাম আদায় করছেন।সরেজমিনে সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে বার্মিজ মার্কেট, ফরিদ কমপ্লেক্স, কোম্পানি মার্কেট, নাফ কুইন মার্কেট, নিউ গনি মার্কেট, সম্রাট মার্কেট, দ্বীপ প্লাজা, লামার বাজারের ‘গরিবের নিউ মার্কেট’ হোয়াইক্যং বাজার, শামলাপুর বাজার, কানজরপাড়া বাজার, মিনাবাজার, মৌলভীবাজার, নিলা বাজার, সাবরাং বাজার, নয়াপাড়া বাজার, শাহপরীর দ্বীপসহ টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বিপণিকেন্দ্র ও হাটবাজারগুলোতে এখন গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলে।ফরিদ কমপ্লেক্সের জাহেদ স্টোরের স্বত্বাধিকারী জাহেদ হোসেন জানান, এবার সব ধরনের পোশাকই ভালো বিক্রি হচ্ছে। তবে মেয়েদের থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে। এসব থ্রি-পিসের মধ্যে অক্টোপাস দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকা, ওয়াকা-ওয়াকা এক হাজার ৬০০ থেকে দুই হাজার ২০০ টাকা, জিপসি এক হাজার ৫০০ থেকে তিন হাজার ২০০ টাকা, মাসাককালি এক হাজার ৫০০ থেকে চার হাজার ২০০ টাকা, আনারকলি এক হাজার ২০০ থেকে দুই হাজার ৮০০ টাকা, সানিয়া মির্জা এক হাজার থেকে দুই হাজার ৫০০ টাকা, রাজকুমারি এক হাজার ২০০ থেকে এক হাজার ৭০০ টাকা এবং শাকিরা দুই হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।একই মার্কেটের গিফট হাউস বস্ত্রালয়ের স্বত্বাধিকারী তহিদুল ইসলাম জানান, তাঁর দোকানে তিন হাজার থেকে ১৫ হাজার টাকা দামের জামদানি, চার হাজার থেকে সাড়ে সাত হাজার টাকায় কাতান টিসু এবং ৬০০ টাকা থেকে তিন হাজার টাকায় টাঙ্গাইল শাড়ি বিক্রি হচ্ছে।নাফ কুইন মার্কেটের জনসেবা স্টোরের স্বত্বাধিকারী রফিকুল করিম জানান, এবার তাঁরা বিভিন্ন বিদেশি কোম্পানির শার্ট ৫৫০ থেকে এক হাজার ২৫০ টাকায়, জিন্স ও চায়না প্যান্ট ৪৫০ থেকে দুই হাজার ৭৩০ টাকায়, পাঞ্জাবি ৩০০ থেকে পাঁচ হাজার ৩০০ টাকায়, সেন্ডেল ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকা দামে বিক্রি করছেন।কলেজছাত্রী আয়েশা খানম ও অলিজাবাদ গ্রামের গৃহিণী ফরিদা আকতারসহ অনেক ক্রেতাই জানান, আগের তুলনায় এবার টেকনাফে কিছু ভালো মানের কাপড় ও পোশাক যেমন এসেছে তেমনি দামও নেওয়া হচ্ছে বেশি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, পকেটমার ও ছিনতাইকারীদের রুখতে বিভিন্ন মার্কেটে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। যাতে দোকানি ও ক্রেতারা গভীর রাত পর্যন্ত কেনাকাটা করতে পারেন।