সেপ্টেম্বর থেকে ঢাকায় উড্ডয়ন বাড়াচ্ছে এমিরেটস এয়ারলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। এর ফলে ঢাকায় বিমান সংস্থাটির উড্ডয়ন (ফ্লাইট) সংখ্যা সপ্তাহে ১৯টিতে উন্নীত হবে। বর্তমানে এই সংখ্যা ১৭। ইকে-৫৮৭ সপ্তাহের শনি ও বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে রাত ১০টা ১০ মিনিটে দুবাই পৌঁছাবে। ফিরতি ফ্লাইট ইকে-৫৮৬ একই দিনগুলোতে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে দুবাই ত্যাগ করে বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এমিরেটসের বাংলাদেশে আঞ্চলিক ব্যবস্থাপক সতীশ শেঠি এ প্রসঙ্গে মন্তব্যে বলেন, ‘দুবাই ও ভায়া দুবাই বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য বাংলাদেশি যাত্রীদের বর্ধিত চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন দুটি ফ্লাইট চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সেপ্টেম্বর থেকে নতুন ফ্লাইটগুলো চালু হলে দুবাই বা দুবাই থেকে অন্যান্য গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ লাভে যাত্রীরা অতিরিক্ত অপশন পাবেন।’ ১৯৮৬ সালে এমিরেটস ঢাকায় তাদের ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং ভায়া দুবাই এয়ারলাইনটির বিশ্বব্যাপী নেটওয়ার্কভুক্ত ১২৩টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ রয়েছে। এমিরেটস ফ্লাইটে যাত্রীরা বিভিন্ন আকর্ষণীয় বিনোদন প্রোগ্রামের পাশাপাশি বাংলা ছায়াছবি উপভোগ করারও সুযোগ পাচ্ছেন। চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের ঢাকায় আনা-নেওয়ার জন্য এমিরেটসের সৌজন্যমূলক শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা রয়েছে। বিজ্ঞপ্তি।