সেপ্টেম্বরে কমেছে রপ্তানি আয়
আবারও হোঁচট খেল রপ্তানি আয়। চলতি অর্থবছরের আগস্টে ঘুরে দাঁড়ালেও সেপ্টেম্বরে এসে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় কমেছে। সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছে ২২৪ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৬৩ শতাংশ কম। গত অর্থবছরের সেপ্টেম্বরে দেশে মোট রপ্তানি আয় ছিল ২৩৭ কোটি ৪৬ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। তবে সেপ্টেম্বরে কমলেও চলতি অর্থবছরের প্রথম তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮০৭ কোটি ৮৮ লাখ ডলারে; যা গত বছরের একই সময়ে ছিল ৭৭৫ কোটি ৮৯ লাখ ডলার।
গত সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রপ্তানি আয় ২৫০ কোটি ১৩ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে মোট ৭৩৪ কোটি ৫১ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে ৬৬৬ কোটি ৫৯ লাখ ডলার। অর্থাৎ অর্থবছর হিসেবে প্রথম তিন মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩ শতাংশ। শুধু গত আগস্টেই তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে ২৭২ কোটি ৬২ লাখ ডলারের।
সেপ্টেম্বরে ঈদুল আজহার কারণে বেশ কিছুদিন ছুটি থাকায় রপ্তানি আয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এটা প্রত্যাশিতই ছিল।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘জুলাই থেকে সেপ্টেম্বরে আমাদের দেশে দুটো ঈদ উদ্যাপিত হয়েছে। ঈদের কারণে শ্রমিকদের বেশ লম্বা একটা সময়ের ছুটি ছিল। এ ছাড়া ঈদের জন্য কিছু অর্ডার জুনে হয়ে যায়। এ কারণে জুলাই ও সেপ্টেম্বরে রপ্তানি আয় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়েও আমরা দুটি ঈদ উদ্যাপন করেছিলাম। সেই হিসেবে তিন মাসে আগের অর্থবছরের তিন মাসের তুলনায় ৪ শতাংশ প্রবৃদ্ধি আছে। অর্থাৎ এটা খুব বেশি আশাব্যঞ্জক না হলেও ভালো। তবে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার বিবেচনায় বেশ নিচে।’
গোলাম মোয়াজ্জেম আরও বলেন, সারা বিশ্বেই বর্তমানে অর্থনীতিতে একটি শ্লথগতি লক্ষ করা যাচ্ছে। চীনে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে। অন্য দেশেও প্রবৃদ্ধি বেশি ইতিবাচক ধারায় নেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্ত (ব্রেক্সিট), পাউন্ডের দর পতন সব মিলিয়ে বৈশ্বিক হিসেবে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ভালো। রপ্তানি প্রবৃদ্ধি ভালো অবস্থানে আছে।
তবে ‘নন ট্র্যাডিশনাল মার্কেটে’ আমাদের রপ্তানি বাড়ানোর বিষয়ে জোর দেন তিনি।
অন্য পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে অর্থবছরের প্রথম তিন মাসে গেল বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশ। আয় হয়েছে ৩১ কোটি ৯০ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ বেশি। পাট ও পাটজাত পণ্য থেকে তিন মাসে রপ্তানি আয় এসেছে ২০ কোটি ৪৫ লাখ ডলার। তা ছাড়া এ তিন মাসে প্লাস্টিক পণ্য থেকে ২ কোটি ১৯ লাখ ডলার রপ্তানি আয় এসেছে।
২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে মোট রপ্তানি আয় হয় ৩ হাজার ৪২৫ কোটি ডলার।