সেপ্টেম্বরে জাপানের বাণিজ্য ঘাটতি ৭০০ কোটি ডলারে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সেপ্টেম্বর মাসে জাপানের বাণিজ্য ঘাটতি ৫৫ হাজার ৮৬০ কোটি ইয়েনে (৭০০ কোটি ডলার) উন্নীত হয়েছে। অথচ গত বছর একই সময় জাপানের বাণিজ্য-উদ্বৃত্ত ছিল ২৮ হাজার ৮৮০ কোটি ইয়েন। এর ফলে ১৯৭৯ সালের পর এই প্রথম সেপ্টেম্বর মাসে জাপানের পণ্য-বাণিজ্যে ঘাটতি দেখা দিল। সেপ্টেম্বর মাসে জাপানের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩০ শতাংশ কমেছে। মূলত চীনের বাজারে জাপানের পণ্য রপ্তানি ১৪ শতাংশ হারে কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক রপ্তানিতে।পাশাপাশি ইউরোপের বাজারে জাপানের রপ্তানি ২ দশমিক ১০ শতাংশ কমেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে দশমিক ৯০ শতাংশ।অন্যদিকে আলোচ্য সময় জাপানের পণ্য আমদানি বেড়েছে ৪ দশমিক ১০ শতাংশ। এদিকে বাণিজ্য ঘাটতির এই তথ্যের নেতিবাচক প্রভাব পড়েছে জাপানের শেয়ারবাজারে। গতকাল টোকিও স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিক্কি-২২৫ কমেছে দশমিক ৮১ শতাংশ। ফলে দিন শেষে মূল্যসূচক হয়েছে আট হাজার ৯২৯ দশমিক ৫৪ পয়েন্ট। সূত্র: এএফপি।