সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়িয়েছে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মূলত ঈদের কারণে খাদ্যপণ্যের দাম কিছুটা বাড়ায় সার্বিক মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত সেপ্টেম্বর মাসে মাসওয়ারি ভিত্তিতে সার্বিকভাবে ৫ দশমিক ৫৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। গত আগস্ট মাসে এ হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য দেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী জানান, মূলত ঈদুল আজহার কারণেই গত মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে খাদ্য সূচকে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ১০ শতাংশ হয়েছে; যা আগের মাসে ছিল ৪ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৬ দশমিক ১৯ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ শতাংশ।

গত মার্চ মাসের পর থেকে আগস্ট মাস পর্যন্ত মূল্যস্ফীতির তীব্রতা বা চাপ কম অনুভব করেছেন সীমিত আয়ের মানুষেরা। ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমেছে। তবে সেপ্টেম্বর মাসে এসে তা কিছুটা বাড়ল। বিবিএসের হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসের পর তো সার্বিক মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচেই আছে। আর গত আগস্ট মাস পর্যন্ত খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৪ অঙ্কের ঘরেই ছিল। তবে গত সেপ্টেম্বর মাসে তা আবারও ৫ শতাংশের বেশি হয়েছে।

বিবিএস বলছে, গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে চাল, মাছ-মাংস, শাকসবজি, লবণ, মসলা, চিনি, তেল ও ফলজাতীয় পণ্যের দাম ২ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। পরিধেয় বস্ত্র, জ্বালানি, বাড়িভাড়া, আসবাব, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণ ব্যয় বেড়েছে দশমিক ৩৭ শতাংশ।

এদিকে বরাবরের মতো এখনো গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ অনেক বেশি। সেপ্টেম্বর মাসে গ্রামে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। আর শহরে ছিল ৭ দশমিক ২১ শতাংশ। তবে শহর ও গ্রাম সবখানেই আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

মূল্যস্ফীতির আঘাত জীবনযাত্রায় কতটা পড়ে, তা নির্ভর করে মানুষের ক্রয়ক্ষমতার ওপর। মানুষের আয় যদি বাড়ে, তবে তাঁদের ক্রয়ক্ষমতা বাড়ে। তাই পণ্যের দাম বাড়লেও তা কিনতে অসুবিধা হয় না। এর ফলে মূল্যস্ফীতি আঘাতও তুলনামূলক কম পড়ে। এ বিষয়টি নিরূপণে বিবিএস প্রতি মাসেই জাতীয় মজুরি বৃদ্ধির হার প্রকাশ করে থাকে। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের চেয়ে গত সেপ্টেম্বর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ০৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির চেয়ে কম। এর মানে হলো মজুরি যে হারে বেড়েছে, মূল্যস্ফীতি সে হারে বাড়েনি। তাই বাড়তি দামে পণ্য কিনতে অসুবিধা হচ্ছে না।