সেপ্টেম্বরেই কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামো চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য যে স্বতন্ত্র বেতনকাঠামোর সুপারিশ করা হয়েছে, তা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আগামী মাসেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা জানান। খবর ইউএনবির।এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় বেতনকাঠামো থেকে এই বেতনকাঠামো আলাদা হবে। এতে ছয় থেকে আটটি গ্রেড থাকবে। আর আবাসন, পরিবহন, শিক্ষা ও চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত করা হবে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘এটি একটি আদর্শ বেতনকাঠামো হতে পারে। আমরা এর ওপর ভিত্তি করে শিক্ষা খাতের জন্য পৃথক বেতনকাঠামোর দিকে যাওয়ার কথা ভাবছি। সরকারের বেতনকাঠামোয় ২০টির মতো ধাপ রয়েছে, যা ঠিক নয়।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘স্বতন্ত্র বেতনকাঠামো পরীক্ষামূলক কোনো বিষয় নয়। এটা রাজনৈতিক প্রতিশ্রুতি। এ বিষয়ে অনেকেরই অনেক মত রয়েছে। কিন্তু আমরা এটা বাস্তবায়ন করব। আমরা চাই, এ থেকে যেন ভবিষ্যতেও শিক্ষা নেওয়া যায়।’গতকালের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি বছরের শুরুতে স্বতন্ত্র বেতনকাঠামোর একটি খসড়া তৈরি করে, অনুমোদনের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংক গত ২৩ মার্চ তা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠায়।তবে ১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বেতনকাঠামো প্রণয়নসংক্রান্ত কার্যাবলি যেহেতু অর্থ বিভাগের এখতিয়ারভুক্ত, তাই বেতনকাঠামো, বেতনের অনুপাত, বাস্তবায়ন পদ্ধতি, কাল ও ধাপ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। নয় সদস্যের এ কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সংস্থাপন, আইন ও সংসদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কমিটির ছয় সদস্য। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (কার্যক্রম) এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান কমিটির অন্য দুই সদস্য। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে অর্থ বিভাগ। কার্যক্রম শুরুর এক মাসের মধ্যে স্বতন্ত্র বেতনকাঠামো-সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কথা থাকলেও তিন মাসেও কমিটি তা পারেনি।