সেপ্টেম্বরেই প্রগতির পাজেরো গাড়ি বাজারে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, চলতি সেপ্টেম্বর মাসেই রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংযোজিত পাজেরো স্পোর্টস কার বাজারে পাওয়া যাবে। শিল্পমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে প্রগতি কারখানা পর্যায়ে পাজেরো স্পোর্টস কার সংযোজনের কাজ শেষ করেছে। এ ছাড়া আগামী বছর প্রগতির সংযোজিত সেডান কার বাজারজাত করা হবে বলে তিনি জানান।গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে জাপান ও জার্মানির শিল্পকারখানার প্রযুক্তিগত সহায়তাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এসব কথা জানান। বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ (বিআইডিসি) এ সেমিনারের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে পৃথকভাবে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী এবং বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান মুহাম্মদ মাহবুবুল আলম।সেমিনারে অন্যান্যের মধ্যে জাসদের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহেন্দ্র কুমার সিকদার, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আবদুর রহমান সরকার, বুয়েটের সহকারী অধ্যাপক রিয়াজ মহিউদ্দিন বক্তব্য দেন।