সেফ উপদেষ্টার সিএসই কার্যালয় পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর নগর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জের (সেফ) উপদেষ্টা আমির রাজা। গত সোমবার তিনি সিএসই কার্যালয় পরিদর্শন ও সংস্থাটির সভাপতি আল মারুফ খানসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার পুঁজিবাজারগুলোর মধ্যে আঞ্চলিক সমন্বয় শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে সেফ। মার্কিন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় প্রকল্পটি হাতে নেওয়া হয়। সিএসইর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন সেফের উপদেষ্টা। মতবিনিময়কালে আল মারুফ খান বলেন, প্রকল্পটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। সেই সঙ্গে দেশগুলোর অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুঁজিবাজার সম্পর্কিত নীতিমালার মধ্যে সমন্বয় সাধন, ব্যবস্থাপনা কার্যক্রম ও নিজস্ব নিয়ন্ত্রণ কাঠামোর একটি উন্নত মান নিশ্চিতকরণ, বিনিয়োগকারীর আত্মবিশ্বাস ও বাজার উৎকর্ষতা বৃদ্ধি, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রকল্পটির মূল লক্ষ্য। ২০০১ সালের জানুয়ারিতে সিএসইর উদ্যোগে সেফ গঠিত হয়। বর্তমানে এটির সদস্য সংখ্যা ৩৪। সিএসইর সভাপতি আল মারুফ খান বর্তমানে এটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।