সেবা খাতে বাজারসুবিধা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহির্বিশ্বে বর্তমানে বাংলাদেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক থেকে শুরু করে বাবুর্চি পর্যন্ত সবাই কাজ করছেন। কিন্তু বাংলাদেশিদের আরও বেশি হারে কাজ পাওয়ার জন্য খুলে যেতে পারে অপার সম্ভাবনার দুয়ার। তা অবশ্য নির্ভর করছে অনেকটা স্বল্পোন্নত দেশ বা এলডিসিগুলোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সার্ভিস ওয়েভার বা সেবা খাতে ছাড়ের ওপর।
আর এ ব্যাপারেই আগামী বৃহস্পতি ও শুক্রবার (৫-৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিওর প্রধান কার্যালয়ে বসছে উচ্চপর্যায়ের একটি সম্মেলন। এতে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন একটি দল গতকাল সোমবার রাতে ঢাকা ছেড়েছে। দলে অন্যান্যের মধ্যে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) পরিচালক মোস্তফা আবিদ খান ও ডব্লিউটিও সেলের উপপরিচালক মাসুকুর রহমান সিকদার।
ঢাকা ছাড়ার আগে তোফায়েল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এলডিসির জন্য সেবা খাতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েই আছে, কিন্তু কার্যকর হচ্ছে না। এবারের সম্মেলনে আমরা তা কার্যকরের ব্যাপারেই তাগিদ দেব।’
উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জনশক্তি রপ্তানিতে জাপানের ক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা ধরা হয় ডিগ্রি পাস, বাংলাদেশের ক্ষেত্রে তা হবে এসএসসি পাস। পার্থক্যটাই হলো সেবা খাতে ছাড়।’ ইউরোপের অনেক দেশে বর্তমানে জনশক্তি রপ্তানি করা না গেলেও সেবা খাতে ছাড় পেলে তা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অর্ধেকেরও বেশি অবদান সেবা খাতের। জেনেভায় অনুষ্ঠেয় সম্মেলনে এলডিসিগুলোকে সেবা খাতে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার দেওয়ার বিষয়েই আলোচনা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পণ্যবাণিজ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধার পাশাপাশি সেবাবাণিজ্যেও বাজার প্রবেশাধিকার চাওয়া হচ্ছে। এলডিসির প্রভাবশালী সদস্য হিসেবে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও বলিষ্ঠ কণ্ঠস্বর রয়েছে বাংলাদেশের। ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোতে এ ব্যাপারে আলোচনা হয়, সিদ্ধান্তও হয়, কিন্তু কার্যকর হয় না। এবারের সম্মেলনে এ বিষয়গুলোই যুক্তি দিয়ে তুলে ধরা হবে।
এলডিসিগুলোকে সেবা খাতে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয় ২০১১ সালে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের অষ্টম সম্মেলনেই। কিন্তু কার্যকর না হওয়ায় ইন্দোনেশিয়ার বালিতে ২০১৩ সালে অনুষ্ঠিত ডব্লিউটিওর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ওই সিদ্ধান্ত কার্যকরে আবার তাগিদ দেয় এলডিসি গ্রুপ। কোনো লাভ না হওয়ায় এলডিসি গ্রুপ গত বছরের জুলাইয়ে ডব্লিউটিওকে আবারও অনুরোধ জানায়। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ।
সেবা খাতে ছাড় মানে হচ্ছে সেবা খাতের রপ্তানিতে বর্তমানে আরোপ থাকা বিভিন্ন শর্তের শিথিলতা। উন্নত দেশগুলো এত দিন জটিলতার কথা বলে বিষয়টিকে আটকে রেখেছিল বলে জানা গেছে। কিন্তু খাদ্যনিরাপত্তার বিষয়টিও ডব্লিউটিওতে জটিল বিষয় হিসেবেই পরিচিত ছিল এত দিন। আড়াই মাস আগে গত ১৫ নভেম্বর খাদ্যনিরাপত্তা বিষয়ের সফল সমাধান হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, খাদ্যনিরাপত্তার বিষয়টির সমাধানের ফলে ডব্লিউটিওতে সেবা খাতের ছাড় নিয়ে দর-কষাকষির ক্ষেত্রে নতুন উদ্যম ও গতির সৃষ্টি হয়েছে এলডিসির সদস্যদেশগুলোর মধ্যে। এবারের সম্মেলনে তাই জোর গলায় কথা বলা হবে।
ডব্লিউটিও সেবা খাতের ১১টি শ্রেণি করেছে। এগুলো হচ্ছে ব্যবসায়িক সেবা; যোগাযোগ, নির্মাণ ও সংশ্লিষ্ট প্রকৌশল; বিপণন; শিক্ষা; পরিবেশবিষয়ক সেবা; স্বাস্থ্যসেবা; পানি ও পর্যটন-সম্পর্কিত সেবা; বিনোদন, সাংস্কৃতিক ও ক্রীড়াসেবা; পরিবহন সেবা ও বিবিধ সেবা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বাংলাদেশ শীর্ষক গ্রন্থে এ বিষয়ে বলা হয়েছে, সেবা খাতে বাণিজ্য প্রবৃদ্ধি দ্রুত হারে বাড়ছে। সেবাবাণিজ্যই হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়নের পরবর্তী ধাপ। তিনটি মৌলিক কারণে প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য তা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ, সেবা খাতে রপ্তানির সুযোগের সদ্ব্যবহার এবং অভ্যন্তরীণ সেবাবাণিজ্যে দেশীয় সেবা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও দক্ষতার মাধ্যমে বাজার সংরক্ষণ।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পর্যটন, পরিবহন, আর্থিক, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন—এই ছয়টি খাতকে বেছে নিয়ে সমন্বিত প্রস্তাব পাঠিয়েছে এলডিসি গ্রুপ। এর পরিপ্রেক্ষিতে তারা কী দেবে, এই সম্মেলনে তা তুলে ধরার কথা। কিন্তু এ ব্যাপারে উন্নত দেশগুলো যেহেতু বরাবরই পিছিয়ে থেকেছে, শঙ্কা হয় এবারও তারা ফলপ্রসূ কিছু দেবে না।
বাংলাদেশের তাহলে করণীয় কী—জানতে চাইলে তিনি বলেন, সম্মেলনে উন্নত দেশের মন্ত্রীরাও থাকবেন। এলডিসি গ্রুপের অন্যতম সদস্য হিসেবে বাংলাদেশের উচিত হবে উন্নত দেশগুলোকে চাপ দিয়ে সেবা খাতের ছাড়ের জন্য একটা সময়সীমার প্রতিশ্রুতি আদায় করা।