সেবা খাতকে কর্মসংস্থান তৈরির গুরুত্বপূর্ণ খাত হিসেবে অভিহিত করে বিদেশি বিনিয়োগকারীদের এ খাতে বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ আহ্বান জানান।
গভর্নরের মতে, প্রযুক্তি খাতে উন্নতির ফলে বাংলাদেশের মানুষের কর্মদক্ষতা দিন দিন বাড়ছে এবং মধ্যবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা সেবা খাতে বিনিয়োগের সুযোগ বাড়াচ্ছে।
সেবা খাত বলতে সাধারণভাবে পরিবহন ও যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ব্যাংক ও বিমা, ডাক ও টেলিযোগাযোগ, হোটেল-রেস্তোরাঁ, রিয়েল এস্টেট ইত্যাদি কর্মকাণ্ডকে বোঝানো হয়। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বর্তমানে সেবা খাতের অবদান প্রায় ৫৪ শতাংশ।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সেবা খাতের মধ্যে হোটেল-রেস্তোরাঁ, ক্লিনিক, কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য সেবাকর্মকে অন্তর্ভুক্ত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ২০১২-১৩ অর্থবছর শেষে সেবা খাতে এফডিআইয়ের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ছয় কোটি ৫১ লাখ ডলার, যেখানে মোট এফডিআই ১৭৩ কোটি বা ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।
মোট বিদেশি বিনিয়োগের মধ্যে এই সময়কালে টেলিযোগাযোগ খাতে ৫২ কোটি ৫৩ লাখ ডলার, ব্যাংক-বিমা খাতে ২৭ কোটি ডলার, পরিবহন ও সংরক্ষণ খাতে প্রায় ৫৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে।
অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক বিপর্যয়ের পরও জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে থাকা ইতিবাচক।
এ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর আমরা ১ শতাংশ প্রবৃদ্ধি হারিয়েছি।’
ফিকির সভাপতি রূপালী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিকির পরিচালক জামিল ওসমান।