সেবা খাতে বিদেশি বিনিয়োগের নীতিমালা প্রণয়নের তাগিদ
মুনাফার চেয়ে জনকল্যাণকে প্রধান্য দেওয়া সেবা খাতের বৈশিষ্ট্য। কিন্তু নামমাত্র মূলধন বিনিয়োগ করে বিদেশিরা ব্যবসা-বাণিজ্য করে সেবা খাত থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে দ্রুত সেবা খাতের বিদেশি বিনিয়োগের জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম আয়োজিত ‘সেবা খাতে বিদেশি বিনিয়োগ নীতিমালা প্রণয়ন ও মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোটনায় মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হায়দার। ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান মো. আজম খান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. মোশাররফ হোসেন, অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, মুহাম্মদ মুহসীন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বক্তারা সেবা খাতের নীতিমালার জন্য বেশ কিছু প্রস্তাবনা দেন। এর মধ্যে পরিশোধিত মূলধন কমপক্ষে ১০০ কোটি ডলার, বিদেশি বিনিয়োগকারীর শেয়ার সর্বোচ্চ ৪৯ শতাংশ, বিনিয়োগের অর্থ পাঁচ বছরের আগে প্রত্যাহার না করা ও বছরে মুনাফার ৪০ শতাংশ পুনর্বিনিয়োগ করা অন্যতম।