তৃতীয় ‘বাংলাদেশ-ইইউ ব্যবসায় পরিবেশ সংলাপ’ অনুষ্ঠিত
সেবা খাতের কোম্পানিতে বিদেশি মালিকানা বাড়ছে
বাংলাদেশে পরিচালিত বিদেশি কোম্পানির মালিকানা বর্তমানের ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা শুধু সেবা খাতের কোম্পানির জন্য প্রযোজ্য হবে। সেবা খাতের কোম্পানিগুলোতে বাংলাদেশি ও বিদেশি মালিকানা বর্তমানে ৬০: ৪০। এখন তা হবে ৫১: ৪৯।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যবসায় পরিবেশ সংলাপ’ শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সূচনা বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও বাণিজ্যসচিব শুভাশীষ বসু।
ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূত ও ৫ যৌথ চেম্বার প্রতিনিধির সমন্বয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে গঠন করা হয় বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিল। কাউন্সিল গঠনের পর ২০১৬ সালের মে ও ডিসেম্বরে দুটি সংলাপ অনুষ্ঠিত হয়। তৃতীয় সংলাপ হয় গতকাল। এতে আগের সংলাপগুলোতে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, পাঁচটি যৌথ কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) গঠন করে ইইউর বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক যেসব সমস্যা চিহ্নিত করা হয়, সেগুলোর কিছু এরই মধ্যে সমাধান করা হয়েছে আর কিছু সমাধানের পথে। তবে সংলাপের অগ্রগতি নিয়ে উভয় পক্ষই খুশি।
সেবা খাতের কোম্পানির মালিকানায় ইইউর অংশ বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। প্রথম আলোকে গত রাতে তিনি বলেন, এতে তাঁরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে উৎসাহী হবেন।
ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের ৫৬ শতাংশ ইইউভুক্ত দেশগুলো থেকে আসে। এই দেশগুলোর অনেকের বাংলাদেশে বিনিয়োগও রয়েছে। তবে কিছু সমস্যা মোকাবিলা করতে হয়। এটা খুবই ইতিবাচক যে সংলাপের মাধ্যমে সমস্যাগুলো দূর করার চেষ্টা করছে বাংলাদেশ।
সংলাপে বাংলাদেশের পক্ষে উপস্থিত সূত্রে জানা গেছে, সাতটি সমস্যার যত দূর সম্ভব সমাধান হলেও ১২টি এখনো বাকি। যেমন পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন বাংলাদেশি ব্যাংককে ৪০ শতাংশ করপোরেট কর দিতে হলেও বিদেশি ব্যাংকগুলোকে দিতে হয় ৪২ দশমিক ৫ শতাংশ। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক নেওয়া হলেও মূলধনী যন্ত্রপাতির স্পেয়ার পার্টস আমদানির শুল্ক তার চেয়ে বেশি।
বেশির ভাগ সমস্যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পর্কিত। আগামী সংলাপ অনুষ্ঠানের আগে এ বিষয়গুলো নিয়ে কাজ হবে বলে জানা গেছে।
প্রসঙ্গক্রমে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউর ক্রেতাদের জোট অ্যাকর্ডের মেয়াদ ২০১৮ সালের মে মাসে শেষ হবে। ইইউ এই মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। আমরা কোনো সিদ্ধান্ত জানাইনি। বলেছি, আগে মেয়াদ শেষ হোক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।’
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রেতাদের চাহিদামতে, বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানার উন্নয়ন করা হয়েছে। এ জন্য আমাদের বিনিয়োগকারীদের অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। ২৭০টি কারখানা এখন গ্রিন, কিন্তু সে অনুযায়ী পণ্যের দাম বাড়েনি।
অগ্রগতির চিত্র
সেবা খাতের কোম্পানিতে মালিকানা বৃদ্ধিসহ গতকালের সংলাপে ইইউর দাবি ও অভিযোগ নিষ্পত্তির একটি অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। ইইউর অভিযোগ ছিল, ইইউ ফার্মাকোপিয়া ও ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) অনুমোদন থাকা সত্ত্বেও কিছু ওষুধ আমদানিতে নিরুৎসাহিত বা বাধা দিয়ে আসছিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। এতে বাংলাদেশি রোগীরাই ক্ষতির শিকার হচ্ছিল। অগ্রগতির চিত্রে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর ইএমএর অনুমোদনকে আমলে নেবে এবং এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করবে।
শুল্ক আইন অনুযায়ী এক হাজার টাকা মূল্য পর্যন্ত নমুনা পণ্যের (স্যাম্পল) শুল্ক লাগে না। ইইউর দাবি হচ্ছে, বিশ্ব শুল্ক সংস্থার (ডব্লিউসিও) সুপারিশ অনুযায়ী চার হাজার টাকা মূল্য পর্যন্ত নমুনা পণ্যের শুল্ক না নেওয়া। এনবিআর দুই হাজার টাকা পর্যন্ত মেনে শিগগির একটি প্রজ্ঞাপন জারি করবে।
বাংলাদেশ বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী বাংলাদেশে পরিচালিত বিদেশি কোম্পানিগুলো তাদের লেনদেনের ৬ শতাংশ অর্থ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পূর্বানুমোদন ছাড়া নিজ দেশে নিয়ে যেতে পারে। বর্তমানে যেকোনো অর্থ পাঠাতে গেলেই বিডার অনুমোদন লাগছে। বাংলাদেশ ব্যাংক ও বিডাকে যৌথভাবে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিল কার্যদল। গতকালের সংলাপে জানানো হয়েছে, এখন থেকে আবেদনের এক সপ্তাহের মধ্যে অনুমোদন দেবে বিডা।
বড় করদাতাদের জন্য বড় করদাতা ইউনিট (এলটিইউ) থাকলেও ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের করদাতাদের জন্য সে রকম কিছু না থাকায় বিভ্রান্তির মধ্যে থাকতে হয় বলে জানিয়েছিল ইইউ। এনবিআর গতকালের সংলাপে জানিয়েছে, এ ব্যাপারে কর অঞ্চল ১১-এ কর সেবা দল (ট্যাক্স সার্ভিস টিম) গঠন করা হয়েছে।
শতভাগ বিদেশি মালিকানাধীন ফ্রেইট-ফরওয়ার্ডিং কোম্পানির লাইসেন্স পাওয়ার অনিশ্চয়তার ব্যাপারে এনবিআর বলেছে, ২০১৫ সালের ১ জুলাইয়ের আগে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো আগের মালিকানা কাঠামো অনুযায়ীই লাইসেন্স নিবন্ধন করতে পারবে।