এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখত

প্রথম আলো: চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১২ শতাংশ হচ্ছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রাথমিক হিসাব প্রকাশ করেছে৷এই হার কী যথাযথ বলে মনে করছেন?
জায়েদ বখত: মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি বিশ্লেষণ করতে হলে বুঝতে হবে এর উৎসগুলোর অবস্থা সম্পর্কে৷ আমাদের জিডিপিতে কৃষি ও শিল্প খাতের মোট যা অবদান, তার প্রায় সমান অবদান সেবা খাতের৷ বর্তমানে কৃষি খাত জিডিপির প্রায় ১৯ শতাংশ জোগান দেয়৷ আর শিল্প খাতের অবদান প্রায় ৩২ শতাংশ৷ এবার কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়নি৷ আবহাওয়া অনুকূলে ছিল৷ কৃষির জন্য সরকারের সহায়ক নীতিও অব্যাহত ছিল৷ সব মিলিয়ে কৃষি উৎপাদনের যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, তা নিয়ে কোনো সংশয় নেই৷ বরং কৃষি প্রবৃদ্ধিই মোট প্রবৃদ্ধিকে আরও ঊর্ধ্বমুখী করতে পারত, যদি শিল্প খাতের অবনতি না হতো৷ আগের বছরের তুলনায় উৎপাদন শিল্পে বা ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি কমে গেছে৷ গ্যাস-বিদ্যুতের সংকট তো বছরজুড়েই লেগে আছে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক সহিংসতায় অর্থবছরের প্রথমার্ধে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি৷ কিন্তু, বিস্মিত হতে হয় সেবা খাতের প্রবৃদ্ধির হিসাব দেখে৷ রাজনৈতিক সহিংসতায় যেভাবে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, সেভাবে সেবা খাতের কর্মকাণ্ডও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে৷ অর্থবছরের প্রথম ছয় মাসের এই বিপর্যয় যে পরের ছয় মাসে পুরোপুরি কাটিয়ে ওঠা গেছে, এমন লক্ষণও খুব জোরাল নয়৷ আর তাই সেবা খাতের প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে৷
প্রথম আলো: তাহলে আপনি বলতে চাইছেন, সেবা খাতের প্রবৃদ্ধি হওয়ার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়? বিষয়টি ব্যাখ্যা করুন৷
জায়েদ বখত: সেবা খাতের মধ্যে অন্তর্ভুক্ত আছে খুচরা ও পাইকারি ব্যবসা, পরিবহন ও পর্যটন৷ আর এটা তো সবারই জানা যে ২০১৩ সালে কীভাবে খুচরা ব্যবসা আক্রান্ত হয়েছে, পর্যটন ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবহন বাধাগ্রস্ত হয়েছে৷ ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে পারেনি, দোকানে ক্রেতা আসেনি, পর্যটনকেন্দ্রগুলো দিনের পর দিন খালি ছিল৷ এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্ষয়ক্ষতির বিভিন্ন হিসাবও তুলে ধরেছে৷ এসব খাতে এত বড় ধাক্কার পর তা থেকে ঘুরে দাঁড়ানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার৷ আর তাই পরিসংখ্যান ব্যুরো যখন প্রাথমিক হিসাবে বলছে যে খুচরা ও পাইকারি ব্যবসায় এবার ৬ দশমিক ৫৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে গত বছর হয়েছিল ৬ দশমিক ১৮ শতাংশ কিংবা পরিবহন ও যোগাযোগ খাতে প্রবৃদ্ধি এবার ৬ দশমিক ৪৭ শতাংশ হয়েছে, যেখানে গতবার ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ, তখন এগুলো স্বাভাবিকভাবেই কিছুটা প্রশ্নের মুখে পড়ে৷ এখানে মূল প্রশ্নটা হলো যে কীভাবে আগেরবারের তুলনায় প্রবৃদ্ধির হার বেড়ে গেল৷ আবার যদি নির্মাণ খাতের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ, যেখানে গতবার ছিল ৮ শতাংশ৷ অথচ নির্মাণকাজ তো বছরের অর্ধেকটা সময়জুড়ে প্রায় স্থবিরই ছিল৷ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দিকে তাকালেও তা বোঝা যায়৷ প্রথমার্ধে বিভিন্ন নির্মাণ প্রকল্প তো তেমন একটা অগ্রসর হয়নি৷
প্রথম আলো: বিষয়টি কি তাহলে এ রকম যে সেবা খাতের এই মন্দা পরিস্থিতিতে সার্বিক প্রবৃদ্ধি আরও কম হওয়া উচিত ছিল?
জায়েদ বখত: আগেই বলেছি যে সেবা খাতের প্রবৃদ্ধি প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে৷ আর সামগ্রিক প্রবৃদ্ধি তো বেশি হয়নি৷ যেটা এখানে বিবেচনা করা প্রয়োজন, তা হলো একটা স্বাভাবিক সময়ের চেয়েও বেিশ হারে প্রবৃদ্ধি হয়েছে এমন একটি সময়ে, যখন রাজনৈতিক অস্থিরতা অর্থবছরের অর্ধেকটা জুড়ে প্রকট ছিল৷ তাই ২০১২-১৩ অর্থবছরের ৬ শতাংশ প্রবৃদ্ধির পর গোলযোগময় ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১২ শতাংশ হওয়া নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে৷ তবে আমার ধারণা, এই প্রাথমিক হিসাব যখন বছর খানেকের মাথায় চূড়ান্ত হবে, তখন চূড়ান্ত হার কমে যাবে৷ মনে রাখা প্রয়োজন যে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা জোরদার হলে তা প্রবৃদ্ধিকেও জোরালো করে৷ বাংলাদেশের সামগ্রিক চাহিদার অন্যতম প্রধান উৎস হলো প্রবাসী আয় বা রেমিট্যান্স৷ প্রবাসে কর্মরত বাংলাদেশিরা দেশে যে অর্থ পাঠিয়ে থাকেন, তা দিয়ে দেশে বসবাসকারী তাঁদের আত্মীয়স্বজন নিজেদের ব্যয় নির্বাহ করেন৷ প্রবাসী-আয় বেশি এলে এই অর্থ ব্যয়ের মাধ্যমে চাহিদাও বেড়ে যায়৷ কিন্তু সম্প্রতি মাসগুলোয় প্রবাসী-আয়ের গতি কমে গেছে৷ চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে এক হাজার ১৭২ কোটি ডলারের প্রবাসী-আয় এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে পৌনে ৫ শতাংশ কম৷ আমাদের জনশক্তি রপ্তানি কমে গেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী-আয়ের ওপর৷ তাই অভ্যন্তরীণ চাহিদা কিছুটা কমেছে৷
প্রথম আলো: এত দিন জিডিপি নির্ণয়ের ভিত্তিবছর ছিল ১৯৯৫-৯৬৷ নতুন ভিত্তিবছর হয়েছে ২০০৫-০৬৷ ভিত্তিবছরের প্রভাবে প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয়ে কোনো প্রভাব ফেলেছে বলে মনে হয়?
জায়েদ বখত: ভিত্তিবছর পরিবর্তনটা সময়ের দাবি৷ নতুন ভিত্তিবছরে অর্থনীতির কিছু নতুন খাত জিডিপিতে যুক্ত হয়েছে৷ এটি অবশ্য প্রবৃদ্ধির হারে তেমন কোনো প্রভাব ফেলছে না৷ আর মাথাপিছু আয় তো আমরা জিডিপির সঙ্গে প্রকৃত প্রবাসী-আয় যোগ করে অর্থাৎ জিএনআইয়ের ওপর হিসাব করে থাকি৷ তবে বাংলাদেিশ টাকা এখন কিছুটা কৃত্রিমভাবে শক্তিশালী আছে৷ আমদানি ব্যয় বেড়ে যদি আবার ডলারের বিপরীতে টাকা কিছুটা দুর্বল হয়, আর তখন মাথাপিছু আয় হিসাব করা হয়, তাহলে চলতি বছরের এক হাজার ১৯০ ডলার থেকে তা কিছুটা কমে যাবে৷
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]