সেবা মাশুল, জালিয়াতিসহ গ্রাহকের নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বাংলা একাডেমিতে ব্যাংকিং মেলার চতুর্থ দিনে গতকাল শনিবার বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেন l প্রথম আলো
ঢাকায় বাংলা একাডেমিতে ব্যাংকিং মেলার চতুর্থ দিনে গতকাল শনিবার বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেন l প্রথম আলো

সিরাজগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলাম। বেসরকারি একটি ব্যাংক থেকে তাঁর নাম, ঠিকানা ব্যবহার করে ক্রেডিট কার্ড তৈরি করা হয়েছে। সেই কার্ডের পাওনা আদায়ে ব্যাংকের কর্মকর্তারা এখন তাঁর গ্রামে ও বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছেন। সাইফুল ইসলামের দাবি, যে ব্যাংকের ক্রেডিট কার্ডের পাওনার জন্য তিনি হয়রানির শিকার হচ্ছেন, ওই ব্যাংকের সঙ্গে তাঁর কোনো ধরনের লেনদেনই নেই।
সরকারি-বেসরকারি মিলিয়ে ১২ ব্যাংকের শীর্ষ নির্বাহী ও বিদেশি দুই ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একসঙ্গে পেয়ে ব্যাংকিং সেবা নিয়ে এমন ভোগান্তির কথা তুলে ধরেন সাইফুল ইসলাম। বাংলাদেশ ব্যাংক আয়োজিত পাঁচ দিনের ব্যাংকিং মেলার চতুর্থ দিনে গত শুক্রবার ব্যাংকার-গ্রাহক মুখোমুখি অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে মুখোমুখি প্রশ্নোত্তর পর্ব। কিন্তু গ্রাহকের অভিযোগ আর প্রশ্ন যেন শেষই হয় না। তবু নিয়ম মেনে সরাসরি এ প্রশ্নোত্তর পর্বের ইতি টানেন অনুষ্ঠান সঞ্চালক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। অনুষ্ঠানের একপর্যায়ে দর্শক সারিতে উপস্থিত হয়ে গ্রাহকের অভিযোগ শোনেন গভর্নর আতিউর রহমান। পরে সমাপনী বক্তব্যে কিছু অভিযোগের জবাবও দেন তিনি।
ব্যাংকারদের মধ্যে যাঁরা সরাসরি গ্রাহকের মুখোমুখি হয়ে বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের জবাব দিয়েছেন, তাঁরা হলেন রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ, জনতা ব্যাংকের এমডি আবদুস সালাম, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আবদুর রব, বেসরকারি এবি ব্যাংকের এমডি শামীম আহমেদ চৌধুরী, দি সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেন, এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের এমডি খন্দকার ফজলে রশীদ, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, এক্সিম ব্যাংকের এমডি হায়দার আলী মিয়া, এইচএসবিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট বিভাগের প্রধান এনামুল হক। এ ছাড়া বক্তব্য দেন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মেঘনা ব্যাংকের এমডি মোহাম্মদ নুরুল আমিন, আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার।
ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর অনুষ্ঠানে একজন মহিলা গ্রাহক তুলে ধরেন সরকারি একটি ব্যাংকের মগবাজার শাখার চেক প্রতারণার ঘটনা। তাঁর দাবি, ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও ২০১২

.
.

সালের ওই প্রতারণার ঘটনায় কোনো প্রতিকার পাননি। গ্রাহকের অভিযোগের জবাবে মঞ্চে উপস্থিত ওই ব্যাংকের শীর্ষ এক নির্বাহী আশ্বাস দেন তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের।
ব্যাংকে চাকরিপ্রত্যাশী অনেক শিক্ষার্থীর অভিযোগ, বেসরকারি ব্যাংকগুলোতে চাকরির আবেদনের জন্য নেওয়া হয় টাকা। আর নিয়োগ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করা হয়, তা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিদ্যমান সাধারণ শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারও অভিযোগ, ব্যাংকের পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজধানীতে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বারবার চাকরিপ্রত্যাশীদের ঢাকায় ছুটতে হয়।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত উদ্যোক্তাদের অভিযোগ ঋণপ্রাপ্তির ভোগান্তি আর উচ্চ সুদহার নিয়ে। পাশাপাশি আমানতের সুদহার কমে যাওয়ায় এ নিয়েও বেশ কয়েকজন গ্রাহক অসন্তোষ তুলে ধরেন। অনুষ্ঠানে একজন গ্রাহক অভিযোগ করেন ব্যাংকের সেবা মাশুল নিয়ে। তিনি বলেন, কোনো কোনো ব্যাংক থেকে হিসাব বিবরণী তুলতে গেলে প্রতি পাতার জন্য ২০ টাকা নেওয়া হয়। এতে দেখা যায়, এক বছরের বিবরণী তুলতে গেলে এক হাজার টাকারও বেশি মাশুল গুনতে হয়।
অনুষ্ঠানে কিছু কিছু অভিযোগের সমাধানের তাৎক্ষণিক প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ নির্বাহীরা। কিছু অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রাহকের কয়েকটি অভিযোগের তাৎক্ষণিক সমাধানের নিশ্চয়তা বিধান করেন অনুষ্ঠান সঞ্চালক।
ব্যাংকের নিয়োগ আবেদনের জন্য অর্থ আদায়ের বিষয়ে গভর্নর বলেন, চাকরির আবেদনের জন্য কোনো ব্যাংক আবেদনকারীর কাছ থেকে টাকা নিতে পারবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে। তা সত্ত্বেও যেসব ব্যাংক অর্থ আদায় করছে, সুনির্দিষ্টভাবে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেবা মাশুল নিয়ে গ্রাহকের অভিযোগের জবাবে গভর্নর বলেন, ব্যাংকের এক পাতার বিবরণীর জন্য অতিরিক্ত মাশুল নেওয়াটা খুবই অমানবিক। কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। এ ধরনের মাশুল আদায়ের বিষয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের অভিযোগ কেন্দ্রে সুনির্দিষ্টভাবে অভিযোগ করার অনুরোধ জানান। পাশাপাশি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের অনুরোধ করেন, এখন থেকে ব্যাংকের প্রতিটি শাখায় দৃশ্যমান স্থানে সব ধরনের সেবা মাশুলের তালিকা টাঙিয়ে দেওয়ার।
এবিবির সভাপতি ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, চাকরির আবেদনের জন্য আবেদনকারীর কাছ থেকে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। তবু কোনো ব্যাংক সেটি করলে তা বেআইনি।
গভর্নর তাঁর বক্তব্যে আরও বলেন, খেলাপি ঋণের কারণেই ব্যাংক খাতে ঋণের সুদের হার কমানো সম্ভব হচ্ছে না।
প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনের ব্যাংকিং মেলা গতকাল শনিবার শেষ হয়েছে।