সেবাদাতা প্রতিষ্ঠানের দরজা বন্ধ সেবার চাপ সামলাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (ডিজেএসসি) একটি সরকারি কার্যালয়। মানুষকে সেবা দেওয়ার জন্যই সংস্থাটি তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ যাতে সেবা নিতে কার্যালয়টিতে ঢুকতে না পারে, এ জন্য ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি অতি গুরুত্বপূর্ণ দপ্তর এটি।
কারওয়ান বাজারের টিসিবি ভবনের ষষ্ঠ তলায় গতকাল রোববার সরেজমিন দেখা যায়, কার্যালয়টিতে প্রবেশের মূল দরজার সামনে ঝগড়া চলছে। ২৫ জনের মতো সেবাপ্রার্থী ফাইল নিয়ে অপেক্ষায় আছেন। কেউ এসেছেন পরিচালক পদের পরিবর্তন করাতে, কেউ এসেছেন সমিতির নিবন্ধন নিতে। নজরুল ইসলাম নামের এক সেবাপ্রার্থী ভেতরে ঢুকতে চাচ্ছেন, কিন্তু প্রহরী আটকে দিচ্ছেন তাঁকে। উপস্থিত অন্য সেবাপ্রার্থীদের সঙ্গেও কথা বলে জানা গেছে, এখানে এমন ঘটনা প্রতিদিনের, পরিদপ্তরটির জ্যেষ্ঠ কর্মচারীরাও এ কথা অস্বীকার করেননি।

কাজের ভার বইতে না পারা এ সংস্থার ওপর তারপরও নতুন নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। অথচ লোকবল বাড়ানো হচ্ছে না। অনুমোদিত জনবলের চেয়ে প্রায় অর্ধেক জনবল নিয়ে ডিজেএসসি চলছে বছরের পর বছর। তিন বছর আগে পরিদপ্তর হওয়ার পরও সংস্থাটি আগের আরজেএসসির অবস্থাতেই পড়ে রয়েছে।

পরিদপ্তরটির নিবন্ধক শেখ শোয়েবুল আলম রোববার প্রথম আলোকে বলেন, ‘এত মানুষ অফিসে আসতে চান, কোভিডের এই সময়ে সবাইকে অনুমতি দেওয়া সম্ভব নয়।’ ই–কমার্স ও এফ–কমার্স নিবন্ধনের নতুন দায়িত্ব পেলেন, করবেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে শেখ শোয়েবুল বলেন, ‘বিদ্যমান কাজ করতেই হিমশিম খেতে হচ্ছে। মন্ত্রণালয়কে জানিয়েছি। নতুন নিয়োগ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছি।’

সেবাপ্রার্থী সফিকুল হক অবশ্য বলেন, এখন না হয় কোভিড। পাঁচ বছর আগেই এ দপ্তরের চেহারা একই ধরনের ছিল। আবার দালাল চক্রের উৎপাতও আছে।

ডেসটিনি কেলেঙ্কারির পর ২০১৩ সালে যখন মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন করা হয়, তখন এ আইনের অধীনে নিবন্ধন দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এ পরিদপ্তরকে। ৬ ফেব্রুয়ারি দপ্তরটিকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ই–কমার্স ও ফেসবুক কমার্স (এফ–কমার্স) প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়ার জন্য। অর্থাৎ এখন থেকে ই–কমার্স ও এফ–কমার্স ব্যবসা করতে গেলেই ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (ডিবিআইডি) নিতে হবে ডিজেএসসি থেকে।

পরিদপ্তরটি ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ২ লাখ ৬৬ হাজার ২৪০টি প্রতিষ্ঠানের নিবন্ধন দিয়েছে। প্রতিষ্ঠানগুলো আট ধরনের। এগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিদেশি কোম্পানি, অংশীদারি প্রতিষ্ঠান, বাণিজ্য সংগঠন, সোসাইটি বা সমিতি, এক ব্যক্তির কোম্পানি এবং কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান। সেবা দিতে বিভাগীয় পর্যায়ের মধ্যে শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় কার্যালয় রয়েছে।

জানা গেছে, মোট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ লাখ ৯২ হাজার ৫৫০টিই প্রাইভেট লিমিটেড কোম্পানি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ হাজার ৪৮১টি অংশীদারি প্রতিষ্ঠান।

পুরো পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘পরিদপ্তরটির সমস্যার কথা আমরা জানি। তবে নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটিকেই উদ্যোগী হতে হবে। কী দরকার, কখন দরকার সরকারকে জানাতে হবে।’

নিবন্ধন দেওয়ার পাশাপাশি কোম্পানির রিটার্ন ফাইলিং করা পরিদপ্তরটির অন্যতম কাজ। বার্ষিক রিটার্ন, পরিচালক পরিবর্তন, কোম্পানির শেয়ার বরাদ্দকরণ, অনুমোদিত মূলধন বৃদ্ধি, শেয়ারমূল্য পরিবর্তন, কোম্পানির বন্ধক (মর্টগেজ) নিবন্ধন, শেয়ার হস্তান্তর, নাম পরিবর্তন, সংঘ স্মারক ও সংঘবিধি সংশোধন, অফিস ঠিকানা পরিবর্তন, কোম্পানির বিলুপ্তি ইত্যাদি রিটার্নের কাজ উল্লেখযোগ্য। সব ধরনের প্রতিষ্ঠানেরই এ কাজগুলো রয়েছে।

এ ছাড়া বাড়তি হিসেবে রয়েছে অংশীদারি দলিল পুনর্গঠন, অংশীদারি চুক্তি বাতিল, সোসাইটি বা সমিতির কমিটি পরিবর্তন, বিদেশি কোম্পানির লিয়াজোঁ কার্যালয়ের পরিবর্তন, বাণিজ্য সংগঠনের পরিচালক পরিবর্তন ইত্যাদি। কোনো প্রতিষ্ঠানের রেকর্ডের প্রত্যয়িত অনুলিপির জন্য যে কেউ পরিদপ্তরটিতে আবেদন করতে পারেন।

নির্ধারিত মাশুল দিয়ে আবেদন করলে পরিদপ্তরটি এ সেবা দেয়। স্বেচ্ছায় বা আদালতের নির্দেশে প্রতিষ্ঠান বিলুপ্ত হলে তা–ও রেকর্ডভুক্ত করে এ সংস্থা। প্রতিষ্ঠান চলমান না থাকলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে পরিদপ্তরটি নিবন্ধন বই থেকে তার নাম কেটে দেয়।

এত সব কাজ করার দায়িত্বে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলিয়ে মোটে ৪৭ জনবলের সংস্থা যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর। কয়েক মাস আগেও ছিলেন ৬২ জন। এই ফাঁকে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, কেউ গেছেন অবসরে। পরিদপ্তরটির অনুমোদিত জনবল ৮১ হলেও ৩৪টি পদ এখনো খালি।

কর্মরত ৪৭ জনের মধ্যে রয়েছেন প্রথম শ্রেণির ১০ জন ও দ্বিতীয় শ্রেণির ১০ জন কর্মচারী। বাকি ২৭ জনই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। ডিজেএসসির ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং সংস্থাটির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকায় ৩৭ জন থাকলেও রাজশাহীতে ৪, চট্টগ্রামে ৩ ও খুলনায় ৩ জন কাজ করছেন। বিভাগওয়ারি শাখা কার্যালয় না থাকায় বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে কোম্পানি ও সংগঠনের কাজ করতে সবাইকে ঢাকায় আসতে হচ্ছে। এদিকে নিরীক্ষা প্রতিবেদন দেখার মতো সক্ষমতাও নেই পরিদপ্তরটির।

করণীয় জানতে চেয়ে পরামর্শ চাইলে সাবেক আরজেএসসির নিবন্ধক বিজন কুমার বৈশ্য প্রথম আলোকে বলেন, বিদ্যমান লোকবল দিয়ে সেবা দেওয়া অবাস্তব। এটিকে আগে অধিদপ্তর করা দরকার, যার প্রধান হবেন ডিরেক্টর জেনারেল। আর দ্বিতীয় শ্রেণির পদ পরিদর্শক ও হিসাব পরীক্ষক বৃদ্ধি করা দরকার অন্তত পাঁচ গুণ।

ভিড় লেগে থাকা দূর করতে পরিদপ্তরের কার্যালয় টিসিবি ভবনের ষষ্ঠ তলা থেকে সরানোর পরামর্শও দেন বিজন কুমার বৈশ্য। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, পারিনি। আগারগাঁও বা অন্য কোথাও নিজস্ব কার্যালয় স্থাপনে মনোযোগী হওয়াই হবে বর্তমান নিবন্ধকের সবচেয়ে বড় কাজ।’