সেবাবঞ্চিতদের জন্য প্রাইম ক্যাশ চালু করছে প্রাইম ব্যাংক
শহর ও গ্রামে ব্যাংকসেবা-বঞ্চিতদের জন্য বায়ো মেট্রিক স্মার্ট কার্ড চালু করতে যাচ্ছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। ব্যাংক এই কার্ডটির নাম দিয়েছে প্রাইম ক্যাশ। এ মাসের মধ্যেই এই কার্ড চালু হবে।ব্যাংকের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় অর্থনীতিতে নিজেদের অবদান আরও বাড়াতে এসএমই ও কৃষি খাতে ঋণ বৃদ্ধির কথাও বলেছে ব্যাংক।রাজধানীর পূর্বানী হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যাংকের সার্বিক বিষয় তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. এহসান খসরু। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী, কান্তি কুমার সাহা, তাবারক হোসেন ভূঁঞা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌসী সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।১৯৯৫ সালের ১৭ এপ্রিল ব্যাংকটি ব্যবসাকার্যক্রম শুরু করে। সংবাদ সম্মেলনে বলা হয়, সে সময় থেকে অত্যন্ত সুনামের সঙ্গে তারা কাজ করে আসছে। ব্যাংক খাতে বিশেষ অবদানের জন্য তারা বেশ কিছু স্বীকৃতিও পেয়েছে।