সেবার মানোন্নয়নে রবিতে কম্পটেলের সফটওয়্যার
মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সফটওয়্যার কোম্পানি কম্পটেল করপোরেশনের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি সই করেছে।এ চুক্তি অনুযায়ী কম্পটেল করপোরেশনের কাছ থেকে অপারেশন সাপোর্ট সিস্টেম (ওএসএস) ব্যবস্থা নেবে। এর ফলে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দ্রুত গ্রাহকসেবা প্রদান করা যাবে বলে রবি আশা করছে।রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার ও কম্পটেল করপোরেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা কসকেলা অন্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।এ চুক্তির ফলে রবি বর্তমান মাল্টিপ্রডাক্ট ও নিজস্ব তৈরি প্রভিশনিং পদ্ধতির বদলে কম্পটেলের প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং কম্পটেল ক্যাটালগ ব্যবহার করবে। এ প্রসঙ্গে রবির প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ কে এম মোরশেদ বলেন, ‘বিলিং থেকে শুরু করে গ্রাহকদের অর্ডারের ভিত্তিতে সেবা প্রদানে পরিপূর্ণ ও স্বয়ংক্রিয় একটি প্রভিশনিং সলিউশন আমাদের দরকার ছিল। এ চুক্তির ফলে অধিকাংশ ভুলভ্রান্তি ও খরচ অনেক কমে যাবে।’