সেবার মাশুল বাড়াল ফ্রেইট ফরোয়ার্ডাররা

ফ্রেইট ফরোয়ার্ডাররা আমদানি করা পণ্য খালাসে ছাড়পত্র প্রদানের মাশুল বাড়িয়েছে। প্রতি চালান আমদানি পণ্যের ছাড়পত্রের মাশুল নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা, যা আগে ছিল দুই হাজার টাকা। মাশুলের নতুন হার গত শনিবার থেকে কার্যকর করা হয়েছে।
আমদানি-রপ্তানিকারকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন (বাফা) মাশুল বাড়ানোর সিদ্ধান্তটি নেয়। জানতে চাইলে বাফার পরিচালক (জনসংযোগ) খায়রুল আলম সুজন প্রথম আলোকে বলেন, ‘কাস্টম হাউস পণ্য শুল্কায়নে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড নামের নতুন পদ্ধতি চালু করায় দক্ষ জনবল রাখা ও নতুন যন্ত্রপাতি স্থাপনের খরচ বেড়েছে। তা তুলতে মাশুল বাড়ানোর বিকল্প ছিল না।’
খায়রুল আলম বলেন, বাফা গত বছরের অক্টোবর থেকে মাশুল বাড়ানোর এই সিদ্ধান্ত নিলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসা-বাণিজ্যের খারাপ অবস্থা বিবেচনা করে তা সাময়িকভাবে স্থগিত করা হয়।
এদিকে মাশুল বাড়ানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জানতে চাইলে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আলাপ-আলোচনা ছাড়াই একবারেই দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে, এটা ঠিক হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতি কনটেইনারে একাধিক আমদানিকারকের পণ্য থাকে। সে ক্ষেত্রে প্রতি চালানের জন্য এই মাশুল গুনতে হবে। আবার এক চালানে একাধিক কনটেইনার পণ্যের ক্ষেত্রেও শুধু একবার গুনতে হবে এই মাশুল।
এর আগে সর্বশেষ ২০১০ সালের ১ ডিসেম্বর আমদানি পণ্য চালান খাতের মাশুল দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা নির্ধারণ করেছিল ফ্রেইট ফরোয়ার্ডাররা।
বাফার তথ্যানুযায়ী, আমদানি পণ্যের প্রায় ৫০ শতাংশ ফ্রেইট ফরোয়ার্ডারের মাধ্যমে আনা হয়। বাকি ৫০ শতাংশ আসে কনটেইনারের মালিকদের প্রতিনিধিদের মাধ্যমে। পোশাকশিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতির বেশির ভাগই ফ্রেইট ফরোয়ার্ডারের মাধ্যমে আনা হয়।