সেমাই, পেঁয়াজ, আদা ও পোলাওর চালের দাম বাড়তি
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর বাজারে বিভিন্ন ধরনের সেমাই ও পোলাওর চালের দাম বেড়েছে।একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ ও আদার দামও।তবে মসলার দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও, মালিবাগ ও কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
মুদি দোকানি ও চালের দোকানিরা জানান, সারা বছর সেমাই ও পোলাওর চালের চাহিদা কম থাকে।মূলত ঈদের সময় এ দুটি পণ্যের চাহিদা বেড়ে যায়।বিশেষ করে সেমাই ঈদের সময়ই বেশি চলে।তাই দামও একটু বেশি।তবে ক্রেতারা অভিযোগ করেন, বিভিন্ন ঈদকে সামনে রেখে একশ্রেণির ব্যবসায়ী কোনো কারণ ছাড়াই কিছু কিছু পণ্যের দাম বাড়াচ্ছেন।ক্রেতাদের বাধ্য হয়েই ওই সব পণ্য কিনতে হচ্ছে।ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় মসলার চাহিদা তুলনামূলক বেড়ে যায়।তবে এবার চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক পর্যায়ে থাকায় বাজারও স্থিতিশীল রয়েছে।
ঈদের বাজারে চাল, সেমাই, আদা, পেঁয়াজের দাম বাড়া প্রসঙ্গে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই।সরকারের যথাযথ নজরদারির অভাবে ব্যবসায়ীরা বিভিন্ন উপলক্ষকে কাজে লাগিয়ে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেন।আর অনেক সময় তাঁরা পণ্য পরিবহনে চাঁদাবাজির অভিযোগ আনেন।
ঈদ বলে সেমাই ও পোলাওর চালের দাম বেড়েছে: সেমাই ও পোলাওর চালের দাম বেড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে।বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি খোলা সেমাই ৫০-৬০ টাকা দরে এবং খোলা লাচ্ছা সেমাই ১১০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।আর ২০০ গ্রামের লাচ্ছা সেমাই প্রতি প্যাকেট বিক্রি হতে দেখা যায় ৩০-৩৫ টাকা দরে।
আজ মালিবাগ বাজারে সেমাই কিনছিলেন মাহমুদ রায়হান।তিনি জানান, গত বছরের তুলনায় এবার প্যাকেট সেমাইয়ের দাম ২-৫ টাকা বেড়েছে।আর খোলা সেমাইয়ের দামও বাড়তি।
পোলাওর চাল মানভেদে ১০০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে বিভিন্ন বাজারে।মালিবাগ বাজারের দোহার রাইস এজেন্সির দোকানি রাসেল জানান, ঈদ সামনে রেখে পোলাওর চালের দাম সামান্য বেড়েছে।তিনি জানান, মাস খানেক আগে ভালো মানের পোলাওর চাল ১০০ টাকা দরে বিক্রি করতেন তিনি।ওই বাজারের মুদি দোকানি শাহিন জানান, ‘গতবারের তুলনায় এবার সেমাইয়ের দাম একটু বেশি।কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানোর কারণে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’ দাম কেন বাড়ল, জানতে চাইলে বরাবরের মতো খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজারে দাম বাড়ার যুক্তি দেখিয়েছেন।
বাড়তি পেঁয়াজ ও আদার দাম: রাজধানীর বাজারে পেঁয়াজ ও আদার দাম আরও এক দফা বেড়েছে।এই নিয়ে দেড় মাসে তিনবার দাম বাড়ল আদার।বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্য অনুযায়ী গত ৩১ জুলাই পেঁয়াজের দাম মানভেদে কেজি প্রতি ২-৩ টাকা বেড়েছে।আর ১ আগস্ট আদার দাম বেড়েছে প্রতি কেজিতে প্রায় ২০ টাকা।
আজকের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৭-৫০ এবং আদা ১০০-১২০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল ৪৫-৪৮ টাকা আর ওই সময়ে আদার দাম ছিল ৮০-১০০ টাকা।
স্থিতিশীল মসলার বাজার: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছর আগের দামের সঙ্গে এলাচ, জিরা ও দারুচিনির দামের তেমন একটা হেরফের নেই।টিসিবির তথ্য অনুযায়ী, এক বছর আগে এলাচের দাম ছিল কেজিপ্রতি ১২০০-১৫০০ টাকা।গতকালের এলাচের দামও একই ছিল।লবঙ্গ ছাড়া অন্যান্য মসলার দামেও পরিবর্তন আসেনি।এক বছর আগে লবঙ্গের দাম ছিল প্রতি কেজি ১৪০০-১৫০০ টাকা।লবঙ্গের গতকালের দর ছিল ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং জিরা গতকাল গত বছরের একই দরে অর্থাত্ প্রতি কেজি ৩৮০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হয়।
কারওয়ান বাজারের মসলার পাইকারি বিক্রেতা রাসেল স্টোরের দোকানি মো. আবদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, এবারের ঈদে মসলার বাজার স্বাভাবিক রয়েছে।বেশির ভাগ মসলাই আগের দামে বিক্রি হচ্ছে।এবার চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারও স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
মালিবাগ বাজারে মশলার ক্রেতা গৃহিণী মোমেনা বিশ্বাস বলেন, অন্য বছরগুলোতে ঈদ উপলক্ষে মসলার দাম চড়া ছিল।এবার স্বাভাবিক রয়েছে।তাই বিভিন্ন ধরনের মসলা কিনতে বেগ পেতে হচ্ছে না।
পোলাওর চালের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘পোলাওর চাল রপ্তানির কারণে মূলত দাম কিছুটা বাড়তি। পেলাওর চালের দাম স্থিতিশীল রাখতে আমরা বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়কে পোলাওর চাল রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছি।’