সেমাইয়ের চাহিদা, দাম দুটোই বেড়েছে
পবিত্র ঈদুল ফিতরে আপ্যায়নের অন্যতম খাবার সেমাই। তাই ঈদ যতই ঘনিয়ে আসছে, সেমাইয়ের চাহিদাও তত বাড়ছে। আর এই সুযোগে বিক্রেতারাও বাড়িয়ে দিয়েছেন সেমাইয়ের দাম।খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সারা বছর টুকটাক ব্যবসা হলেও সেমাইয়ের মূল ব্যবসা হয় দুই ঈদের আগে। বর্ধিত চাহিদার বিপরীতে সেমাই প্রস্তুতকারকেরাও উৎপাদন বাড়িয়ে দেন। সঙ্গে বাড়িয়ে দেন দামও।এ কারণেই সারা বছরের সেমাইয়ের দামের সঙ্গে ঈদের আগের দামের মিল খুঁজে পাওয়া যায় না। রাজধানীর একাধিক খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্যাকেটজাত সেমাইয়ে এক মাস আগের দামের চেয়েও অন্তত পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। খোলা লাচ্ছা ও বাংলা সেমাইয়ের দাম মানভেদে বেড়েছে প্রতি কেজিতে ২০ থেকে ৪০ টাকা।খুচরা বিক্রেতারা প্রতি কেজি খোলা লাচ্ছা সেমাই বিক্রি করছেন ১২০ থেকে ১৪০ টাকায়। এই সেমাই তারা কিনে আনছেন ৯৫ থেকে ১০০ টাকা কেজি। রমজান শুরুর আগেও এই সেমাই বিক্রি হতো ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। আর গত ঈদে খুচরা দোকানে খোলা লাচ্ছা সেমাই বিক্রি হয় ১০০ টাকা কেজি।কেরানীগঞ্জের বিভিন্ন সেমাই কারখানায় খোঁজ নিয়ে জানা যায়, কারখানা থেকে প্রতি মণ লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে তিন হাজর ৬০০ টাকা থেকে তিন হাজার ৮০০ টাকায়।খুচরা দোকানে বাংলা সেমাই বলে পরিচিত লম্বা সেমাই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। অথচ, এই সেমাইয়ের পাইকারি মূল্য ৪০ টাকা কেজি। রমজান শুরুর আগে এই সেমাই বিক্রি হতো ৫৫ থেকে ৬০ টাকা কেজি।বেশির ভাগ ক্রেতাই এখন আর খোলা লাচ্ছা সেমাই কেনে না। তাদের পছন্দ প্যাকেটজাত লাচ্ছা সেমাই। এ কারণে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের চাহিদাও বাজারে বেশি। খুচরা বিক্রেতারা বলছেন, বনফুল, সজীব, আফতাব, ড্যানিশ ও ফুলকলি ব্র্যান্ডের সেমাইয়ের কদর বেশি, বিক্রিও বেশি। এ ছাড়া প্রিন্স ও বাঁধন ব্র্যান্ডের লাচ্ছা সেমাইও বিক্রি হয়।এসব লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। তবে কোকোলার প্যাকেটজাত লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আবার নিউজিল্যান্ড ডেইরির ‘ফুডি’ ব্র্যান্ডের বিশেষ লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৫০ টাকায় (২৫০ গ্রাম)। সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেমাইয়ের তালিকায় আছে পাকিস্তানি ব্র্যান্ড কুলসুন। কুলসুনের ২০০ গ্রামের প্যাকেট ৩০ টাকায় বিক্রি হচ্ছে।বিক্রেতারা বলছেন, ১০ দিন আগেও প্যাকেটজাত এসব লাচ্ছা সেমাইয়ের দাম ছিল ৩০ টাকা। এর পরই দাম বাড়িয়ে দিয়েছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।রাজধানীর খুচরা দোকানগুলোতে যেসব সেমাই বিক্রি হয়, তার বেশির ভাগই আসে কেরানীগঞ্জের বিভিন্ন কারখানা থেকে। কেরানীগঞ্জের বিভিন্ন কারখানায় উৎপাদিত সেমাই পাইকারি ও খুচরা দরে বিক্রি হয় পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট ও ফার্মগেট এলাকায়। ঈদের মৌসুম শুরুর এক-দেড় মাস আগে থেকেই কেরানীগঞ্জের কারখানাগুলোতে সেমাই প্রস্তুত শুরু হয়।কেরানীগঞ্জের আড়ং সুইটস অ্যান্ড বেকারি গত বছর ৫০ প্যাকেটের লাচ্ছা সেমাইয়ের বস্তা বিক্রি করেছিল ১২৫০ টাকায়। কয়েক দিন আগে বিক্রি করেছে ১৫০০ টাকায়। দাম বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘গত বছরের চেয়ে এবার শুধু চিনির দামটা কম। ঘি গত বছর কিনেছি ৫৫০ টাকা কেজি, এবার কিনতে হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। শ্রমিকের মজুরিও বেড়েছে। কারখানার রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে। সে কারণে বেশি দাম নিতে হচ্ছে।’ কামরাঙ্গীরচরের একটি সেমাই কারখানার পরিচালক সেলিম মিয়া বলেন, প্রতি মণ লাচ্ছা সেমাই তিন হাজার ৬০০ টাকা থেকে তিন হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এক মণ চিনি কিনতে লাগে দুই হাজার ৬৫০ থেকে দুই হাজার ৭০০ টাকা। কর্মচারীদের বেতন দিতে হয়। সব মিলিয়ে এক মণ সেমাই বিক্রি করে সর্বোচ্চ লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা।এ ছাড়া ঈদে নুড্ল্সও বেশ বিক্রি হয়। বাজারে এখন প্রতিটি ম্যাগী নুড্ল্স ১৭ টাকায় বিক্রি হচ্ছে। আর চারটি নুড্লেসর প্যাকেজ ৬৫ এবং ১২টি নুড্লেসর প্যাকেজ বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এ ছাড়া, কোকোলা নুড্লেসর তিনটির প্যাকেজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।সেমাই তৈরির অন্যতম একটি অনুষঙ্গ ঘি। ২০০ গ্রাম ওজনের মিল্ক ভিটার ঘি ২০০, আড়ংয়ের ঘি ১৭০ এবং ফার্মল্যান্ডের ঘি ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ৪০০ গ্রাম ওজনের মিল্ক ভিটার ঘি ৩৯৫ এবং ফার্মল্যান্ডের ৪০০ গ্রামের ঘি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন]