সেরা আর্থিক প্রতিবেদনের জন্য ৩৬ প্রতিষ্ঠানকে পুরস্কার দিল আইসিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে সমাপ্ত অর্থবছরের প্রকাশিত সেরা হিসাব ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে হিসাব নিরীক্ষক পেশাজীবীদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।এবার ৩৬টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তবে আইসিএবি সাধারণত নয়টি শ্রেণীতে পুরস্কার দিলেও এ বছর দুটি শ্রেণীর কোনো প্রতিষ্ঠানই পুরস্কার পায়নি। রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। আইসিএবির সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিএবির প্রকাশিত হিসাব ও প্রতিবেদন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ফারুক খান বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। এটি নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা আরও বাড়বে। খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারের স্বচ্ছতা প্রতিষ্ঠায় স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের কোনো বিকল্প নেই। আইসিএবি ১১ বছর ধরে মানসম্পন্ন আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে—এমন ধরনের সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিয়ে আসছে। এ বছর ব্যাংকিং খাতে সেরা আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য প্রথম পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্যাংক এশিয়া। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।এ ছাড়া এই শ্রেণীতে নয়টি ব্যাংক উৎকর্ষতার সনদ পেয়েছে। ব্যাংকগুলো হলো: ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এবি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।অ-ব্যাংকিং আর্থিক খাতে প্রথম পুরস্কার জিতেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া উৎকর্ষতার সনদ পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিমা শ্রেণীতে রিলায়েন্স ইন্স্যুরেন্স প্রথম ও গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি দ্বিতীয় পুরস্কার পেয়েছে। উৎপাদন শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। দ্বিতীয় পুরস্কার পেয়েছে সামিট পাওয়ার। তৃতীয় পুরস্কার পেয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। এ ক্ষেত্রে উৎকর্ষতার সনদ পেয়েছে এসিআই লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ ও বার্জার পেইন্টস। গ্রামীণফোন তথ্যপ্রযুক্তি খাতের প্রথম ও একমাত্র পুরস্কারটি জিতেছে। বেসরকারি সংস্থা শ্রেণীতে প্রথম পুরস্কার জিতেছে সানজিদা ফাউন্ডেশন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্র্যাক। ব্যুরো (বিইউআরও) বাংলাদেশ এবং ঘাসফুল যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে। এ শ্রেণীতে উৎকর্ষতার সনদ পেয়েছে উদ্দীপন। সরকারি খাতের প্রতিষ্ঠান শ্রেণীতে প্রথম পুরস্কার জিতেছে অগ্রণী ব্যাংক। রূপালী ব্যাংক পেয়েছে দ্বিতীয় পুরস্কার। আর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পেয়েছে তৃতীয় পুরস্কার।যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবহির্ভূত অন্যান্য সেবা খাত এবং কৃষি খাতের কোনো কোম্পানি পুরস্কার পায়নি। অনুষ্ঠানে জানানো হয়, সাউথ এশিয়ার ফাউন্ডেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) নির্দেশনা অনুযায়ী প্রকাশিত আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে এ পুরস্কার দেওয়া হয়েছে।