সেরা এয়ারলাইনসের নির্বাচনে মতামত জরিপ শুরু
গ্রাহকসেবার বিভিন্ন ক্ষেত্রে ২০১১ সালের জন্য সেরা এয়ারলাইনস নির্বাচনের লক্ষ্যে মতামত জরিপ শুরু হয়েছে। নিয়মিত বিমান ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা এয়ারলাইনকে পুরস্কৃত করা হবে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এ মতামত জরিপের আয়োজন করছে। জরিপের প্রধান পৃষ্ঠপোষক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং হসপিটালিটি পার্টনারের দায়িত্ব পালন করছে দ্য ওয়েস্টিন ঢাকা।গতকাল শনিবার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম মতামত জরিপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইবিএলের ব্র্যান্ড ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম ও দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক আজিম শাহ।কাজী ওয়াহিদুল আলম জানান, এ বছর সেরা যাত্রী পরিবহনকারী এয়ারলাইন, সেরা কার্গো এয়ারলাইন, সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনসহ মোট এয়ারলাইন সেবার ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিদের কাছে ‘সর্বাধিক জনপ্রিয় গন্তব্য ২০১১’ এবং ‘সেরা এয়ার এক্সপ্রেস কোম্পানি ২০১১’ ক্যাটাগরিতেও দুটি পুরস্কার দেওয়া হবে।অনুষ্ঠানে জানানো হয়, নিয়মিত বিমান ভ্রমণকারীরা একটি নির্দিষ্ট ফরম পূরণ করে বা অনলাইনে (www.bangladeshmonitor.net/poll2011.php) তাঁদের মতামত দিতে পারবেন।