সেরা করদাতা পুরস্কার পাবেন ৩০৩ জন
কর দেওয়ায় ব্যক্তি করদাতাদের উদ্বুদ্ধ করতে ৩০৩ জন সেরা করদাতাকে এ বছর সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
সচিবালয়ে গতকাল রোববার প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের প্রকাশক, সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় এ ঘোষণা দেন।
এনবিআর চেয়ারম্যান জানান, ৩০৩ জনের মধ্যে ১০১ জন নারী ও ১০১ জন তরুণ করদাতা থাকবেন। বাকি ১০১ জন সাধারণভাবে সারা দেশ থেকে। ২০১৪-১৫ করবর্ষ থেকে করদাতাদের তালিকা বাছাই করা হবে।
ধাপে ধাপে প্রতিটি পেশা থেকেই সেরা করদাতা নির্বাচন করা হবে বলে ইঙ্গিত দেন নজিবুর রহমান।
মধ্যস্থতাকারীর পরিবর্তে পত্রিকা বা টেলিভিশন চ্যানেলে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার নিয়মের পক্ষে এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগামীবার থেকে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে যাতে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্ট না থাকে, সেই চিন্তা করছি আমরা।’