সেরা করদাতা ব্যক্তি কাউছ মিয়া, প্রতিষ্ঠান শেভরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আয়কর দিবস ২০১৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
জাতীয় আয়কর দিবস ২০১৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

দেশের সেরা করদাতাদের সম্মাননা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর জাতীয় পর্যায়ে ১০ জন করদাতা এবং ১০টি প্রতিষ্ঠানকে কর কার্ড দিয়েছে এনবিআর। এ ছাড়া প্রতি সিটি করপোরেশন ও জেলার সর্বোচ্চ করদাতা তিনজন এবং দীর্ঘ মেয়াদে কর দেন এমন দুজনকে সম্মাননা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩৯০ জন করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হলো। 
জাতীয় আয়কর দিবস উপলক্ষে প্রতিবছরের মতো সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে একটি হোটেলে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শীর্ষ ১০ করদাতা ও প্রতিষ্ঠান এবং ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশন ও জেলাওয়ারি সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ব্যক্তিশ্রেণিতে কর কার্ড পাওয়া করদাতারা হলেন ঢাকার কর অঞ্চল-২-এর মো. কাউছ মিয়া, কর অঞ্চল-৮-এর মোহাম্মদ ইউসুফ, কর অঞ্চল-৩-এর রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন ও হোসনে আরা হোসেন, কর অঞ্চল-৮-এর খাজা তাজমহল ও এম এ হায়দার হোসেন, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রামের কর অঞ্চল-২-এর মো. নাছির উদ্দিন এবং ঢাকার কর অঞ্চল-৮-এর আবদুল মুক্তাদির।

.
.

অন্যদিকে এ বছর যে ১০টি প্রতিষ্ঠান ট্যাক্স কার্ড পেয়েছে, তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে শেভরন বাংলাদেশ। অন্য প্রতিষ্ঠানগুলো হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, সিকিউরিটিজ প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এসব প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ১ শতাংশও করদাতা নয়। মাত্র ১১ লাখ করদাতা রয়েছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাকর। ২০১৯-২০ অর্থবছরে এ করদাতার সংখ্যা ৪০ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এটি একটি বড় চ্যালেঞ্জ।’ তিনি মনে করেন, বেশি লোকের কাছ থেকে কর আহরণ করতে পারলে মানুষের জন্য সরকার বেশি কাজ করতে পারবে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আয়কর যে ভীতির বিষয় নয়, এনবিআর সে লক্ষ্যে কাজ করছে। ভীতি নেই, এটা অস্বীকার করছি না, তবে তা কমে আসছে। একসময় এ ভীতিও থাকবে না।’
হয়রানির কথা উল্লেখ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘কেন জানি এনবিআরের নাম শুনলেই ভয় লাগে, গায়ে জ্বর আসে। এনবিআরকে মনে হয় ভয়ংকর বাঘের মতো। এনবিআরের চেয়ারম্যানের রুমেও একটি বাঘের ছবি আছে। আমরা দেখতে চাই, বাঘের ভূমিকায় নয়, এনবিআর কর্মকর্তারা যেন আমাদের ফুল হাতে শুভেচ্ছা জানায়।’
মাতলুব আহমাদ প্রস্তাব করেন, প্রতি জেলার সর্বোচ্চ করদাতাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা করা যেতে পারে। তিনি বলেন, ব্যবসায়ীরা সারা জীবন ধরে কর দেন, তাঁরা যখন অবসরে যাবেন, তখন যেন তাঁদের জন্য পেনশন স্কিম চালু করা হয়।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সেবার মনোভাব নিয়ে কর কর্মকর্তারা কাজ করছেন। ক্ষুধা, মন্দাকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার প্রেক্ষাপট তৈরি করছে এনবিআর। তিনি জানান, করদানে উৎসাহিত করার জন্য সাকিব, মুশফিকসহ সেলিব্রিটিদের কর অ্যাম্বাসেডর বানানোর পরিকল্পনা চলছে।
অনুষ্ঠানে এনবিআর সদস্য আবদুর রাজ্জাক দেশের করব্যবস্থা নিয়ে একটি উপস্থাপনা দেন।
এদিকে জাতীয় কর দিবস উপলক্ষে গতকাল সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এনবিআর। শোভাযাত্রাটি সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন, হাইকোর্টের সামনের সড়ক, প্রেসক্লাব হয়ে পুনরায় এনবিআরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, শিল্পী, সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।