পুঁজিবাজার-বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন বা ডিবিএ। এ জন্য আগ্রহীদের কাছ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন আহ্বান করা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রদান সামনে রেখে গত বুধবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঠিত সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আজকালের খবর-এর সম্পাদক ও সমন্বয় কমিটির আহ্বায়ক প্রণব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সুলতান মাহমুদ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক সারওয়ার আলম চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন সমন্বয় কমিটির উপদেষ্টা ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম।