সেরা বিমান সংস্থা নির্বাচনে মতামত জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর গ্রাহকসেবার বিভিন্ন ক্ষেত্রে সেরা এয়ারলাইনস বা বিমান সংস্থা ২০১৫ নির্বাচনের লক্ষ্যে মতামত জরিপ শুরু করেছে।
নিয়মিত বিমান ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী বিমান সংস্থাগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিমান সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সপ্তমবারের মতো এ জরিপ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কাজী ওয়াহিদুল আলম জানান, এ বছর মোট ১৩টি ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে। বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিদের কাছে ‘সর্বাধিক জনপ্রিয় গন্তব্য’ ও ‘সেরা এয়ার এক্সপ্রেস কোম্পানি’ ক্যাটাগরিতেও দুটি পুরস্কার দেওয়া হবে।
ওয়াহিদুল আলম বলেন, ‘বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন বিমান সংস্থার মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়নই এ পুরস্কার প্রবর্তনের মূল লক্ষ্য।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতিমধ্যে নিয়মিত ভ্রমণকারীদের কাছে ফরম পাঠানোর কাজ শুরু হয়েছে। তাঁরা সেটি পূরণ করে বা অনলাইনে (www.bangladeshmonitor.net/poll2015) আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মতামত দেওয়া যাবে। সেরা বিমান সংস্থা নির্বাচনে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি জুরি বোর্ড বা বিচারকমণ্ডলী গঠন করা হয়েছে।
আগামী মে মাসে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে জরিপের ফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। দ্য বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে দেশে এ পুরস্কার দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।