সেরা ব্র্যান্ড এখন গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আইফোন বিক্রি কমে যাওয়ার ধাক্কা ভালোমতো টের পাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে টানা পাঁচ বছর শীর্ষে থাকার পর এ বছর গুগলের কাছে এসে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল। ব্র্যান্ড ফাইন্যান্সের তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান ৫০০ ব্র্যান্ডের তালিকায় এ বছর এক নম্বরে রয়েছে গুগল।
একটি প্রতিষ্ঠানের ব্যবসায় ব্র্যান্ডের মূল্য কতটুকু সেটির ভিত্তিতে প্রতিবছর সেরা ৫০০ ব্র্যান্ডের তালিকাটি তৈরি করে মূল্য নির্ধারণকারী পরামর্শক প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির হিসাবে, ২০১৭ সালে এক নম্বরে থাকা গুগলের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৭ কোটি বা ১০৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া অ্যাপলের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ৭১৪ কোটি ডলার। ২০১৬ সালে অ্যাপলের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ হাজার ৫৯১ কোটি ডলার, আর গুগলের ছিল ৮ হাজার ৮১৭ কোটি ডলার। অর্থাৎ ব্র্যান্ড মূল্যে ২৭ শতাংশ কমে যাওয়ায় গুগলের কাছে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল।
গুগলের সাফল্যের কারণ সম্পর্কে ব্র্যান্ড ফাইন্যান্স বলছে, ইন্টারনেট সার্চ ইঞ্জিনের মূল ব্যবসায় কেউই প্রতিষ্ঠানটিকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি। ২০১৬ সালে ইন্টারনেট বিজ্ঞাপন থেকে গুগলের আয় বেড়েছে ২০ শতাংশ। ইউটিউবে ‘বাম্পার অ্যাড’ নামে ৬ সেকেন্ডের সংক্ষিপ্ত বিজ্ঞাপন গুগলের আয় বৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব রেখেছে। আয় বৃদ্ধির পাশাপাশি ব্র্যান্ড হিসেবেও ২০১৬ সালে শক্তিশালী হয়েছে গুগল। ব্র্যান্ড শক্তি (স্ট্রেংথ) সূচকে গুগলের স্কোর এক বছরে ২ পয়েন্ট বেড়েছে।
গুগলের সাফল্য তুলে ধরার পাশাপাশি অ্যাপলের ব্যর্থতার কারণগুলো খোঁজার চেষ্টা করেছে ব্র্যান্ড ফাইন্যান্স। এ বিষয়ে বলা হয়েছে, প্রযুক্তির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকার বিষয়টি ধরে রাখতে পারেনি অ্যাপল। অ্যাপল ব্র্যান্ডের প্রতি গ্রাহকের যে আস্থা ছিল, সেটির অতিরিক্ত ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এ কারণে নতুন আইফোন ও ঘড়ির বিক্রিতে আগের মতো সাড়া পায়নি অ্যাপল। ২০০৭ সালের পর ২০১৬ সালে এসে আইফোন বিক্রিতে নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। স্যামসাংয়ের পাশাপাশি স্মার্টফোন বাজারে চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রে অ্যাপল এখন আর পেরে উঠছে না।
অ্যাপল ও গুগলের পরে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন। ২০১৬ সালে অ্যামাজনের ব্র্যান্ড মূল্য ছিল ৬ হাজার ৯৬৪ কোটি ডলার, যা ২০১৭ সালে ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৬৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছে অ্যামাজন। এটি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। যে গতিতে এগোচ্ছে তাতে ২০১৮ সালে গুগলকে হটিয়ে অ্যামাজনই সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের ব্র্যান্ড মূল্য গত এক বছরে ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই উল্লম্ফনের ফলে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকায় ১৭ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে ফেসবুক। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলার, যা ২০১৭ সালে বৃদ্ধি পেয়ে ৬ হাজার ১৯৯ কোটি ডলার হয়েছে।
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটকে সরিয়ে এ বছর মূল্যবান ব্যান্ডের চতুর্থ স্থানে উঠে এসেছে মার্কিন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। এ বছর এটিঅ্যান্ডটির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৭০১ কোটি ডলার, ২০১৬ সালে যা ছিল ৫ হাজার ৯৯০ কোটি ডলার। এক বছরে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য বেড়েছে ৪৫ শতাংশ। পঞ্চম স্থানে থাকা মাইক্রোসফটের ব্র্যান্ড মূল্য ৬ হাজার ৭২৫ কোটি ডলার থেকে ১৩ শতাংশ বেড়ে ৭ হাজার ৬২৬ কোটি ডলার হয়েছে। শীর্ষ দশে থাকা অন্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে স্যামসাং, ভেরাইজন, ওয়ালমার্ট ও আইসিবিসি।
বরাবরের মতো এই তালিকায় যুক্তরাষ্ট্র তার আধিপত্য ধরে রেখেছে। শীর্ষ দশে থাকা ১০টি ব্র্যান্ডের মধ্যে ৮টিই যুক্তরাষ্ট্রের। বাকি দুটি ব্র্যান্ডের একটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং, আরেকটি চীনের ব্যাংক আইসিবিসি।