সেরা ব্র্যান্ডের পুরস্কার দিয়েছে বিবিএফ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ষষ্ঠবারের মতো সেরা ব্র্যান্ড পুরস্কার দিয়েছে। এ বছর মোট ৭৮টি পুরস্কার দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২৯টি ক্যাটাগরি বা শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় মিলিয়ে ৫৮টি, স্থানীয় সেরা ১০ এবং সার্বিকভাবে সেরা ১০ ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হয়।
দেশব্যাপী ভোক্তাদের ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে দেশের সবচেয়ে সমাদৃত ব্র্যান্ডগুলোকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। মিলওয়ার্ড ব্রাউন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দৈবচয়নের মাধ্যমে এই গবেষণা পরিচালনা করে।
পুরস্কার পাওয়া সেরা ৩০টির মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্র্যান্ডও রয়েছে। তবে তালিকায় বহুজাতিক হরলিকস প্রথম ও ফেয়ার অ্যান্ড লাভলি দ্বিতীয় হয়েছে। স্থানীয় রাঁধুনী মসলা তৃতীয় ও রূপচাঁদা সয়াবিন তেল চতুর্থ স্থানে রয়েছে। আবার বহুজাতিক প্রতিষ্ঠান নকিয়া পঞ্চম, লাক্স ষষ্ঠ, হারপিক সপ্তম, প্যারাস্যুট অষ্টম ও সানসিল্ক শ্যাম্পু নবম হয়েছে। ১০ম স্থানটি পেয়েছে দেশীয় তীর সয়াবিন তেল।
সেরা ব্র্যান্ডের তালিকায় সেভেনআপ ১১তম, ম্যাগি নুডলস ১২তম, সনি ১৩তম, গ্রামীণফোন ১৪তম, ক্লোজআপ ১৫তম, হুইল পাউডার ১৬তম, মিল্ক ভিটা ১৭তম, তীর (আটা, ময়দা, সুজি) ১৮তম, সিম্ফনি ১৯তম ও ক্লিয়ার শ্যাম্পু ২০তম হয়েছে।
অন্য ব্র্যান্ডগুলোর মধ্যে ওয়ালটন ২১তম, ট্যাং ২২তম, সিঙ্গার ২৩তম, ফ্রেশ সয়াবিন তেল ২৪তম, পেপসোডেন্ট ২৫তম, বাটারফ্লাই ২৬তম, বাংলালিংক ২৭তম, ডানো ২৮তম, লাইফবয় ২৯তম ও এলজি ৩০তম।
দেশীয় ব্র্যান্ড হিসেবে রাঁধুনী মসলা প্রথম ও তীর সয়াবিন তেল দ্বিতীয় স্থান পেয়েছে। আর মিল্ক ভিটা তৃতীয়, তীর (আটা-ময়দা-সুজি) চতুর্থ, সিম্ফনি পঞ্চম, ওয়ালটন ষষ্ঠ, ফ্রেশ সয়াবিন তেল সপ্তম, বাটারফ্লাই অষ্টম, কোকোলা নবম ও স্যান্ডালিনা দশম হয়েছে।
ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় ‘সেরা ব্র্যান্ড বাংলাদেশ ২০১৪’ শীর্ষক এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন বিবিএফের প্রধান উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার, প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম ও ক্রিয়েটিভ অ্যাডভাইজার নাজিয়া আন্দালিব প্রিমা এবং মিলওয়ার্ড ব্রাউনের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রসুন বসু ও বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার খন্দকার সামিনা আফরিন।