সেরা রপ্তানিকারকদের সম্মাননা প্রদান করবে এইচএসবিসি
বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘এইচএসবিসি এক্সপোর্ট একসিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড।মোট পাঁচটি বিভাগে পাঁচ শীর্ষস্থানীয় রপ্তানিকারককে ‘বছরের সেরা রপ্তানিকারক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তৃতীয়বারের মতো এই পুরস্কার আগামী মে মাসে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। এতে অংশগ্রহণের জন্য আগ্রহী রপ্তানিকারকদের ৩০ এপ্রিলের মধ্যে ‘নমিনেশন ফরম’ পূরণ করতে হবে।এইচএসবিসির সঙ্গে রপ্তানি পুরস্কার অনুষ্ঠানটির সহযোগী অংশীদার হিসেবে আছে প্রথম আলো, ডেইলি স্টার ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক।এ সময় আরও উপস্থিত ছিলেন এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব-উর রহমান, ট্রেড অ্যান্ড সাপ্লাই বিভাগের প্রধান মোহাম্মদ শহীদুজ্জামান, বিপণন ও যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার, ডেইলি স্টার-এর উপসম্পাদক ইনাম আহমেদ, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, অংশগ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তার প্রতিষ্ঠানকে রপ্তানিতে কমপক্ষে তিন বছর সক্রিয় থাকতে হবে। বিস্তারিত www.hsbc.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।