সেরা রপ্তানিকারকেরা পাবেন এইচএসবিসি পুরস্কার

ষষ্ঠবারের মতো দেশের সেরা রপ্তানিকারকদের স্বীকৃতি দেবে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ।
দেশের সব রপ্তানিকারক প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। এ জন্য এইচএসবিসির গ্রাহক হওয়ার প্রয়োজন নেই
বছরের সেরা রপ্তানিকারক হিসেবে চারটি ক্যাটাগরি বা শ্রেণিতে পাঁচটি প্রতিষ্ঠান পাবে এই পুরস্কার।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ শীর্ষক এই পুরস্কার দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো, ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ভুবনেষ খান্না এবং কান্ট্রি হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার।
২০১০ সাল থেকে এইচএসবিসি দেশের সেরা রপ্তানিকারকদের এই স্বীকৃতি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারও বিজয়ী নির্বাচনের কোনো পর্যায়েই এইচএসবিসির সংশ্লিষ্টতা থাকবে না। দেশের সব রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের জন্য আবেদন করতে পারবে। এ জন্য তাদের এইচএসবিসির গ্রাহক হওয়ার প্রয়োজন নেই। এই পুরস্কারের কৌশলগত সহযোগী হিসেবে আছে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।
বছরের সেরা রপ্তানিকারক হিসেবে যে চারটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে সেগুলোর প্রথমটি হচ্ছে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প। এ ক্ষেত্রে আছে দুটি গ্রুপ। যাদের বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলার বা তার বেশি তারা পড়বে ‘এ গ্রুপে’, আর যাদের রপ্তানি আয় পাঁচ কোটি ডলারের কম তারা থাকবে ‘বি গ্রুপে’।
‘ইপিজেড এন্টারপ্রাইজেস’ শীর্ষক শ্রেণিতে পুরস্কারের জন্য আবেদন করতে পারবে দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের প্রতিষ্ঠানের বাইরে যাদের বার্ষিক রপ্তানি আয় ৫০ লাখ ডলার বা তার বেশি, সেসব প্রতিষ্ঠান ‘সনাতন ও উদীয়মান ক্ষেত্র’ শ্রেণিতে এবং ৫০ লাখ ডলারের কম হলে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প’ শ্রেণিতে আবেদন করা যাবে।
ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো বলেন, ‘রপ্তানিকারকেরাই বাংলাদেশকে বহির্বিশ্বে নিয়ে গেছেন। দেশটির রপ্তানি প্রবৃদ্ধি প্রতিবছরই বাড়ছে। ফলে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে বিশ্ববাণিজ্যে বাংলাদেশের রপ্তানিকারকদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত।’
আয়োজকেরা জানান, আগ্রহী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পুরস্কারের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে গতকাল থেকেই। আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পুরস্কারের জন্য আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hsbc.com.bd/eea ওয়েবসাইটে। নভেম্বরের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।