সেরা আউটসোর্সিং প্রতিষ্ঠানের তালিকা
সেরা ১০০-এর মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান সার্ভিসইঞ্জিনবিপিও

বিশ্বের সেরা ১০০ আউটসোর্সিং প্রতিষ্ঠানে জায়গা করে নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান সার্ভিসইঞ্জিনবিপিও। এটি দেশের সেরা শিল্প গ্রুপ আবদুল মোনেম লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। টানা তৃতীয়বার এ তালিকায় জায়গা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং প্রফেশনালস বা আইএওপি টানা তৃতীয়বার বাংলাদেশি প্রতিষ্ঠান সার্ভিসইঞ্জিনবিপিওকে বিশ্বের সেরা ১০০ প্রতিষ্ঠানের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম বলেন, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশকে বিশ্বে আউটসোর্সিং সেবা প্রদানকারী দেশ হিসেবে পরিচিত করতে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, আইএওপির ‘দ্য গ্লোবাল আউটসোর্সিং ১০০’ তালিকায় রাইজিং স্টার হিসেবে স্থান পেয়েছে। ২০১৪ সাল থেকে সার্ভিসইঞ্জিনবিপিও ধারাবাহিকভাবে এ স্বীকৃতি পেয়ে আসছে।
গত জুনে সর্বশেষ ২০১৬ সালের বিশ্বের সেরা ১০০ আউটসোর্সিং প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে আইএওপি। জানা গেছে, প্রতিষ্ঠানের আকার এবং প্রবৃদ্ধি, গ্রাহক মতামত, স্বীকৃতি ও সনদ, উদ্ভাবনী কর্মসূচি ও সামাজিক দায়বদ্ধতা—এসব বিবেচনায় সেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।
মহিউদ্দিন মোনেম আরও বলেন, ‘২০০৬ সালে মাত্র ছয়জন কর্মী নিয়ে সার্ভিসইঞ্জিনবিপিওর কার্যক্রম শুরু হয়। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাইলট প্রকল্পের আওতায় আর্থিক সেবাধর্মী কিছু কাজ করি। ওই প্রকল্পের কাজের মান, উৎপাদন দক্ষতা ও যথাযথ অবস্থা দেখে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে স্থায়ীভাবে কাজ করতে সম্মত হয়। এরপর থেকে আমাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আউটসোর্সিংয়ের কাজ করছি। মাত্র ছয়জন নিয়ে শুরু করা প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা এখন পাঁচ শতাধিক।’
আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি জাতীয়ভাবেও স্বীকৃতির পুরস্কার পেয়েছে আবদুল মোনেমের সহযোগী আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠানটি। হাই-টেক শিল্পে অবদানের জন্য প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রেসিডেন্ট পুরস্কার, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার রপ্তানিতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফিতে স্বর্ণপদক ও সর্বোচ্চ করদাতা হিসেবেও পুরস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটি।
মহিউদ্দিন মোনেম বলেন, ‘আউটসোর্সিং সেবায় বিশ্ববাজারে আমাদের প্রতিযোগী ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইনের মতো দেশ। এসব দেশের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের তরুণেরা যথেষ্ট ভালো করছে। ভবিষ্যৎ সম্ভাবনাও অনেক ভালো। তাই সরকারকে কিছু সুবিধা দিতে হবে।’
আন্তর্জাতিক বাজার প্রসারে বিদেশে কার্যালয় খোলার সুবিধা দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে আইটি সেল খোলার দাবি জানান এ ব্যবসায়ী।