সেরা ৩০ কোম্পানি বাছাই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে সেরা ৩০ কোম্পানি বাছাইয়ে গঠিত জুরি বোর্ডের প্রথম সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।বোর্ডের আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে ডিএসইর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি এসইসির সাবেক চেয়ারম্যান। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।সভা শেষে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, যেসব কোম্পানির বিরুদ্ধে ঋণখেলাপি, করখেলাপি বা পরিবেশদূষণের অভিযোগ রয়েছে, সেসব কোম্পানিকে শুরুতেই সেরার তালিকা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে, কোম্পানির পরিশোধিত মূলধন, শেয়ারপ্রতি আয় (ইপিএস), প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ও লভ্যাংশ ঘোষণার হার ইত্যাদি বিষয়কে ইচিবাচক মাপকাঠি হিসেবে ধরা হবে।সেরা ৩০ কোম্পানি বাছাইয়ে গত ২৫ এপ্রিল ডিএসইর পরিচালনা পর্ষদ এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে।