সেরেনার হারে ব্যবসায় ধস!

ইতালির রবার্তা ভিঞ্চির কাছে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের অপ্রত্যাশিত হারে লোকসানে পড়েছে টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এক দিন আগেও ইউএস ওপেনের নারীদের ফাইনাল ম্যাচের যে টিকিটের দাম ছিল আকাশছোঁয়া, সেরেনার হারে এখন তা অর্ধেকের বেশি কমে গেছে।
সেরেনা উইলিয়ামস ফাইনালে উঠলে সেটি তাঁকে এনে দিত এক বছরে সবগুলো টেনিস গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ। নিজের পরাজয়ে সেরেনা নিশ্চয়ই হতাশ হয়েছেন, তবে তাঁর চেয়ে বেশি হতাশায় পুড়ছেন সম্ভবত টিকিট ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রের অনলাইন টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান সিটগিকের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সেরেনার হারের আগ পর্যন্ত নারীদের একক ফাইনাল ম্যাচের টিকিটের গড় মূল্য ছিল ১ হাজার ১৮৬ মার্কিন ডলার। পুরুষ এককের ফাইনাল ম্যাচের গড় মূল্য একই সময়ে ছিল ৭৮৩ ডলার। সেরেনার হার যখন অনেকটা নিশ্চিত, তখন থেকেই ফাইনাল ম্যাচের টিকিটের দাম পড়তে শুরু করে।
ম্যাচ শেষ হওয়ার পর ১৫ মিনিটের মধ্যে আরেক টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান টিকআইকিউয়ের ওয়েবসাইটে টিকিটের গড় দাম কমে ৬৭৯ ডলারে নেমে আসে। সবচেয়ে কম দামের টিকিটের দাম ৪০ ডলারে নেমে আসে, ম্যাচ শুরুর আগেও এমন টিকিটের দাম ছিল ৩৫০ ডলারের বেশি।
মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানায়, ফাইনাল ম্যাচের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া টিকিটের দাম ছিল ১ হাজার ৬৩২ ডলার।