সেলিম ওসমানের প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচনে বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। পরিচালনা পর্ষদের মোট ২৭ সদস্যের মধ্যে সেলিম ওসমানের সম্মিলিত নিট পরিষদ ২২টিতে জয়ী হয়েছে। সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স পেয়েছে পাঁচটি। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি মোহাম্মদ হাতেম। গতকাল শনিবার রাত নয়টায় নারায়ণগঞ্জ ক্লাবে নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা এই ফলাফল ঘোষণা করেন। দুই প্যানেল-প্রধান সেলিম ওসমান ও ফজলুল হক নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল নয়টা থেকে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার এবং ঢাকায় বাংলামোটরে প্লানার্স টাওয়ারে বিকেএমইএ কার্যালয়ে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত তা চলে।নির্বাচন পরিচালনা বোডের্র সদস্য প্রবীর কুমার সাহা জানান, নির্বাচনে ৬৫২ জন ভোটারের মধ্যে নারায়ণগঞ্জ ক্লাবে ও ঢাকায় বিকেএমইএ অফিসে ৫৯৮ জন ভোট দেন। এর মধ্যে নারায়ণগঞ্জ ভোটকেন্দ্রে ৩৮১ জন এবং ঢাকা ভোটকেন্দ্রে ২১৭ জন ভোট দিয়েছেন। প্রায় ৯২ শতাংশ ভোট পড়ে। নির্বাচনে সেলিম ওসমানের প্যানেলের বিজয়ীরা হলেন: মোহাম্মদ হাতেম (৫০৪ ভোট), হাবিবুর রহমান (৩৮৪), মঞ্জুরুল হক (৩৭৬), শাহ্ আলম (৩৬৫), গোলাম জাকারিয়া ভূঁইয়া (৩৫১), আবু আহমেদ সিদ্দিকী (৩৪৯), মনসুর আহমেদ (৩৪৯), জি এম ফারুক (৩৪৮), এ এইচ আসলাম সানি (৩৪৬), শামীম আহমেদ (৩৪৬), শ্যামল কুমার সাহা (৩৪২), এ কে এম সেলিম ওসমান (৩৪১), এমরান হোসেন (৩৩৪), শফিকুজ্জামান (৩২৭), হুমায়ুন কবির খান (৩২২), আসাদুল ইসলাম (৩১৭), সামসুজ্জামান (৩১৩), মোস্তফা জামান (৩১১), জামাল উদ্দিন (৩০৮), মহিউদ্দিন ফারুক (৩০৬), মাহতাব উদ্দিন আহম্মেদ (৩০৩) ও মজিবুর রহমান (২৯৯)। অন্যদিকে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের বিজয়ী পাঁচজন হলেন: ফজলুল হক (৩৩৭), ফজলে শামীম এহসান (৩৩২), কাশেম জামাল (৩২৬), এ কে এম জাহিদুল ভূঁইয়া (৩১০) ও মাসুদুজ্জামান (২৯৫)। এদিকে, গতকাল ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পর ছাত্রশিবিরের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে হলুদ কাপড়ে লেখা একটি ব্যানারে ছাত্রশিবির বিকেল সোয়া চারটার দিকে মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় একই সময় বিকেএমইএর নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান করা শামীম ওসমানের অনুগত ও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা শিবিরকর্মীদের ওপর হামলা চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।ভোট গ্রহণ শেষে সম্মিলিত নিট পরিষদের নেতা ও বর্তমান সভাপতি সেলিম ওসমান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে ফলাফল যা-ই হোক না কেন, তা মেনে নিয়ে বিকেএমইএর উন্নয়নে একসঙ্গে কাজ করব।’অন্যদিকে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতা ও সাবেক সভাপতি ফজলুল হক বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। ভোটাররা তাঁদের ভোট দিয়েছেন।