সোনার দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে দর হ্রাস ও ভারতের দরের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮০ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৮ হাজার ৪৫৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দর ২৬ হাজার ২৪৪ টাকা ভরি। তবে প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই আছে, এক হাজার ১৬৬ টাকা।
গতকাল রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৭ হাজার ৪১০ টাকা। আর আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেটে এক হাজার ২২৫ টাকা, ২১ ও ১৮ ক্যারেটে এক হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দরে ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
সোনার দর বৃদ্ধি-হ্রাসের সিদ্ধান্তটি বরাবরের মতো করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সোনার দাম হ্রাস করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক দর হ্রাস ও ভারতের বাজারের সঙ্গে সমন্বয়ের জন্যই দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের চেয়ে ভারতের সোনার ভরি দুই হাজার টাকা কম। সে জন্য দেশের ক্রেতাদের একটি অংশ ভারতে চলে যান। এই ক্রেতাদের ভারতে যেতে নিরুৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনামুল হক আরও বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আগামী এক সপ্তাহে বর্তমানের চেয়ে ১০-১৫ ডলার হ্রাস পেলে আবারও দাম কমানো হবে। বিশ্ববাজারে এখন প্রতি আউন্স (২ দশমিক ৪৩ ভরি) সোনার দর এক হাজার ২৮৮ মার্কিন ডলার বলে জানান তিনি।