সোনার দাম বাড়ছে
দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৪৭ হাজার ৪১৫ টাকা। আগামীকাল শুক্রবার থেকে সোনার নতুন এই দর কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি গতকাল বুধবার দুপুরে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তটি জানিয়েছে। সব মিলিয়ে চলতি বছর এ নিয়ে দেশের বাজারে পঞ্চমবারের মতো সোনার দাম বাড়ানো হলো।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৬৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৭ হাজার ৫৮৬ টাকা।
এদিকে, আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব জুয়েলার্সে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ৪৬ হাজার ১৯০ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪২ টাকায় বিক্রি করা হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৩৬১ টাকা।
সর্বশেষ গত ৭ মার্চ সোনার দাম বাড়ায় জুয়েলার্স সমিতি। সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দর ছিল ১ হাজার ২৬৩ দশমিক ২০ মার্কিন ডলার। এর পরের দুই মাস সোনার দর কিছুটা ওঠানামার মধ্যেই ছিল। গত ৪ এপ্রিল সোনার দর আউন্সপ্রতি ১ হাজার ২১৮ ডলারে নেমে যায়। তখন অবশ্য জুয়েলার্স সমিতি দেশের বাজারে সোনার দর কমায়নি। গত সোমবার সোনার দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৯৪ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়। তবে আন্তর্জাতিক বাজারে গতকাল সন্ধ্যা ছয়টায় সোনার দর ছিল ১ হাজার ২৭৯ ডলার।
জুয়েলার্স সমিতির নির্বাহী সদস্য দেওয়ান আমিনুল ইসলাম বলেন, সোনার দর আন্তর্জাতিক বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী। আর দেশের বাজারে পুরোনো অলংকার পরিশোধন করা পাকা সোনার কিছুটা সংকট রয়েছে। এ কারণে সোনার দাম বাড়ানো হচ্ছে।