ক্রেতাদের জন্য দুঃসংবাদ৷ দেশের বাজারে বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বেড়েছে৷ তবে রুপার দাম আগের মতোই আছে, প্রতি ভরি এক হাজার ১৬৬ টাকা৷
গতকাল সোমবার থেকে সোনার নতুন দর কার্যকর হয়েছে৷ নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৬৫৭ টাকা৷ আর সনাতন পদ্ধতির সোনার দাম ২৭ হাজার ৪১০ টাকা ভরি৷
নতুন দর কার্যকর হওয়ায় ২২, ২১ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দরে ভরিতে এক হাজার ১৬৬ টাকা এবং ১৮ ক্যারেটে এক হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে৷ গত রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ২৩৯, ২১ ক্যারেট ৪৫ হাজার ৮১ এবং ১৮ ক্যারেটের ৩৮ হাজার ৬০৭ টাকায় বিক্রি হয়৷ আর সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৬ হাজার ২৪৪ টাকা৷
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে৷ অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়৷ এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মানদণ্ড বা নিশ্চয়তা নেই৷
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত রোববার রাতে দাম বাড়ানোর সিদ্ধান্তটি নেয়৷ সর্বশেষ ১ জুন সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি৷
বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, দেশে পুরোনো অলংকারের ঘাটতি এবং সম্প্রতি ব্যাগজ রুলসের আওতায় বিদেশ থেকে অলংকার ও সোনার বার আনার ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি পাওয়ায় সোনার দাম বাড়ানো হয়েছে৷