সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ সরকারের নির্দেশে!
সরকারের ইচ্ছা পূরণ করতেই সোনালী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। তবে পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। গত রোববার তিনি পদত্যাগপত্র ব্যাংকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠান।
মেয়াদপূর্তির আগে চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে ব্যাংকে নানা গুঞ্জন তৈরি হয়েছে। সূত্রগুলো বলছে, হাবিবুর রহমানকে দিয়ে অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের চাহিদা মেটানো যাচ্ছিল না। সে জন্য তাঁকে সরে যেতে বলা হয়।
তবে হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তো পদত্যাগপত্রে বলেছি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’ অন্য কোনো বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। বরং বলেছেন, তাঁর সময়ে ব্যাংকের উন্নতি হয়েছে।
২০১২ সালের ২৭ ডিসেম্বর অধ্যাপক হাবিবুর রহমানকে ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ করেছিল সরকার। সে হিসেবে তিন বছরের মেয়াদ শেষ হতো আগামী ২৬ ডিসেম্বর।
হল-মার্ক কেলেঙ্কারির পর বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করলেও তা বাস্তবায়ন করা হয়নি। তবে এর কিছুদিন পর ব্যাংকের কয়েকজন পরিচালকের মেয়াদপূর্তি হলে তাদের আর পুনর্নিয়োগ দেওয়া হয়নি। আর তৎকালীন চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনরায় নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যমে সমালোচনা হলে অধ্যাপক হাবিবুর রহমানকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সাবেক ডিন ও বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন।
সম্প্রতি সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে উত্থাপিত তথ্য অনুসারে, ২০১৪ সাল শেষে ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩৯৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৩ সালে বিতরণ করা ঋণ ছিল ৩৪ হাজার ৩৪৫ কোটি টাকা। আর ২০১৪ সালে তা হয়েছে ৩৩ হাজার ৭২৬ কোটি টাকা। তবে শ্রেণীকৃত ঋণ কিছুটা কমে ৮ হাজার ২৩৫ কোটি টাকা হয়েছে। কিন্তু ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে শ্রেণীকৃত ঋণ আদায় কমেছে ৬৭০ কোটি টাকা।
এ সম্মেলনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, ব্যাংকটি তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। এমন পরিস্থিতিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের জবাবদিহি নিশ্চিত করতে ব্যাংকের চেয়ারম্যান ও এমডির সঙ্গে পারফরম্যান্স চুক্তি করা হয়।
যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত বলেন, ‘আমি চেয়ারম্যান স্যারকে বলেছিলাম আজকের পর্ষদ সভাতে যোগ দিতে। কিন্তু তিনি বলেন, না আজই (গত রোববার) তিনি পদত্যাগ করবেন।’
তবে প্রদীপ কুমার দত্ত ব্যাংকের পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন।