সোনালী ব্যাংককে কেমন রেখে গেলেন প্রদীপ দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদীপ কুমার দত্ত
প্রদীপ কুমার দত্ত

আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির পর ২০১২ সালের ১৭ জুন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান প্রদীপ কুমার দত্ত। দুই বছর মেয়াদ শেষে আরও এক বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালন করে গতকাল ছিল তাঁর শেষ কর্মদিবস। শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে গাড়িতে তুলে বিদায় দেন। তবে হল-মার্ক কেলেঙ্কারির পর দায়িত্ব নিয়ে চার বছরে প্রদীপ দত্ত সোনালী ব্যাংককে কী অবস্থায় রেখে গেলেন, এদিকেই নজর সবার।
দেখা গেছে, দায়িত্ব নেওয়ার সময় ২০১২ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১২ হাজার ৫৯৭ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা কমে হয় ৮ হাজার ৬৮৫ কোটি টাকা। তবে ২০১২ সালে ঋণ অবলোপন ছিল ১ হাজার ১৯ কোটি, যখন তিনি দায়িত্ব শেষ করলেন। এখন ব্যাংকটির অবলোপন করা ঋণের পরিমাণ ৮ হাজার ৪২৮ কোটি টাকা। ঋণ অবলোপন করে কমানো হয়েছে খেলাপি ঋণ, ফলে আপাত ভালো দেখাচ্ছে অন্য সূচকগুলো।
তবে সরকার থেকে ২ হাজার ৭০৫ কোটি টাকা মূলধন সহায়তার পাশাপাশি পুঞ্জীভূত ক্ষতিকে হিসাবায়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ব্যাংকটির সূচককে কিছুটা ভালো দেখাতে সহায়তা করেছে।
তবে প্রদীপ কুমার দত্তের দাবি, নাজুক অবস্থা থেকে তিনি ব্যাংকটিকে ভালো অবস্থায় এনেছেন। খেলাপি ঋণ কমেছে। এখন মুনাফাও করছে ব্যাংক। ঋণ আদায় ও অবলোপন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে আদায় না হলে অবলোপন করে ফেলা হতো। তবে এখন আদায়ের চেষ্টা করা হয়। প্রথম দিকে বেশি খেলাপি থাকায় আদায় বেশি ছিল, এখন খেলাপি কম, ফলে আদায়ও কম।’ প্রদীপ দত্ত এ-ও বলেন, ‘ব্যাংকটির আর্থিক অবস্থায় আমি সন্তুষ্ট নই।’
প্রদীপ কুমার দত্ত ১৯৭৭ সালে সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে পেশা শুরু করেন। ২০১০ সালে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৭ জুন তিনি সোনালী ব্যাংকের এমডি হন। প্রায় ৪০ বছর ব্যাংকিং পেশায় ছিলেন তিনি।
জানা গেছে, ২০১৫ সালে ব্যাংকটি শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় করে মাত্র ৫ কোটি টাকা। যদিও শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে আটকে আছে ব্যাংকটির ২ হাজার ৮২৬ কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছ থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা আদায়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা করেছিল ব্যাংকটি। তবে আদায় করতে পেরেছে মাত্র ৫৯১ কোটি টাকা। পাশাপাশি মামলায় আটকে আছে ব্যাংকটির ৯ হাজার ৬০৩ কোটি টাকা। ডিসেম্বর শেষে লোকসান গুনছে ব্যাংকটির ১২৪টি শাখা। ২০১৫ সালে নিট মুনাফা করেছে মাত্র ৫৮ কোটি টাকা।
ব্যাংকটির আয়ের অন্যতম মাধ্যম ‘সুদ আয়’ হলেও তা ঋণাত্মক হয়ে গেছে। ফলে ২০১৫ সালে আমানতকারীদের সুদ দিতে গিয়ে ক্ষতি হয় ১ হাজার ৪১৩ কোটি টাকা।