সোনালী ব্যাংকের চেক হারানো নিছক দুর্ঘটনা
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখায় নিকাশের জন্য জমা হওয়া ৫০টি পেমেন্ট অর্ডার বা চেক গত রোববার শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার ড্রয়ার থেকে খোয়া যায়। সোনালী ব্যাংক বলেছে, এটি নিছকই একটি দুর্ঘটনা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক বলেছে, ঘটনাটি স্বপ্রণোদিত হয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘটাননি। ব্যাংকের সিসিটিভির ফুটেজ থেকে তা জানা যায়।
ব্যাংক বলেছে, গ্রাহক স্বার্থ সংরক্ষণে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে মহাব্যবস্থাপকদের কার্যালয় ঢাকার উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি এবং রমনায় প্রিন্সিপাল অফিস থেকে এজিএমের নেতৃত্বে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্তকাজ শুরুও হয়েছে। তদন্তের আলোকে পরবর্তী সময়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।