সোয়ানের শ্রমিকেরা ঈদ করলেন রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল সোমবার নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমি​েকরা। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল সোমবার নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমি​েকরা। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো

সোয়ান জিনসের কারখানায় আড়াই বছর ধরে অপারেটর পদে কাজ করেন ময়মনসিংহের শফিকুল ইসলাম। জীবনে এবারই প্রথম বাবা-মা ও ভাইবোনকে ছাড়া ঈদ করলেন। তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। সেই পাওনা আদায়ের আন্দোলন করতে গিয়েই তাঁর ঈদের দিন কেটেছে ঢাকার রাজপথে, ফুটপাতে।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার দুপুরে বৃষ্টিতে ভিজতে ভিজতে কথা হয় শফিকুলের সঙ্গে। বললেন, ‘তিন মাস ধরে বেতন পাই না। হাতে টাকা নেই। বাড়ি গিয়ে কী করব...।’ বলতে বলতে আনমনা হয়ে যান ২০-২২ বছরের শফিকুল। জানালেন, মাসে তিনি সাত থেকে আট হাজার টাকা পান। সেই হিসাবে কোম্পানির কাছে তাঁর পাওনা দাঁড়িয়েছে ২৫-২৬ হাজার টাকা।
শফিকুলের মতো সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের তিন-চার শ শ্রমিক নয় দিন ধরে তিন মাসের বকেয়া বেতন ও ভাতার দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ঈদের দিনও টানা বৃষ্টির মধ্যে তাঁরা সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান করেন। রোববার একইভাবে তাঁরা আন্দোলন করেন। গতকালও সকাল পৌনে ১০টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে।
সোয়ানের শ্রমিকদের এ আন্দোলন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে হচ্ছে। প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে প্রেসক্লাবের সামনে চলমান অবস্থানের পাশাপাশি আজ মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং কাল বুধবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও। এ ছাড়া শুক্রবার প্রেসক্লাবের সামনে হবে শ্রমিক সমাবেশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার।
সোয়ানের শ্রমিকদের বেতন-ভাতাসংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শ্রম মন্ত্রণালয় ৮ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শককে আহ্বায়ক করে একটি কমিটি করেছে। তবে এই কমিটি এখন পর্যন্ত কোনো বৈঠক করেনি বলে অভিযোগ করেন কাজী রুহুল আমিন। তিনি বলেন, ‘বাস্তবতা হলো এরা দায়িত্বজ্ঞানহীন ও মালিকদের স্বার্থ রক্ষাকারী। তাই মহাপরিদর্শকের এক মুহূর্তও দায়িত্বে থাকার অধিকার নেই।’
অবশ্য এই অভিযোগের বিষয়ে গত রাতে অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে কমিটির সদস্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদ-উল ইসলাম খান বলেন, ‘এখনো কোনো বৈঠক হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে শুনেছি ২৭ জুলাই বৈঠক হতে পারে।’
ওয়াজেদ-উল ইসলাম খান আরও বলেন, ‘যত দূর আমরা শুনেছি, সোয়ানের বিষয়টি খুবই জটিল। তবে বিজিএমইএ কিছুটা তৎপর হয়ে যদি সোয়ান গ্রুপের মালিকানা দাবিদারদের কাছ থেকে বন্ড নিয়ে টাকা জোগাড় করে শ্রমিকদের পাওনা দিত, তাহলে তাদের রাস্তায় ঈদ করতে হতো না। পরে বিজিএমইএ সেই টাকা সোয়ানের বৈধ মালিকদের কাছ থেকে আদায় করতে পারত।’
অবশ্য বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘সোয়ানের বিষয়টি মন্ত্রণালয় দেখছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে সোয়ানের মালিকানার বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত সমাধানের সম্ভাবনা কম।’ তিনি বলেন, ‘শ্রমিকেরা তিন মাসের বেতন-ভাতা নয়, কারখানা বন্ধের কারণে সার্ভিস বেনিফিট পাওনা আছেন।’
সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিং ইউন হন গত এপ্রিলে আত্মহত্যা করেন। চীনা এই নাগরিকের দুই স্ত্রী ও তিন কন্যা আছে। মিং ইউন মারা যাওয়ার পর সম্পত্তির মালিকানা বুঝে পেতে তাঁর দুই স্ত্রী-ই আদালতে মামলা করেন। বিজিএমইএ ১৬ জুলাই বলেছে, আদালত মালিকের উত্তরাধিকার চূড়ান্ত করে সম্পত্তি বিক্রির অনুমতি দেবেন। তারপরই সোয়ানের অবন্ধককৃত সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে।
এদিকে গ্রিসভিত্তিক ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন গতকাল এক বিবৃতিতে সোয়ানের শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। সংগঠনটি অবিলম্বে আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে।