সৌদি আরবকে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি আমদানি করতে সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সৌদি আরবের রিয়াদে গত বুধবার সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রী তাওফিগ ফাওজান আলরাবিয়াহ্র সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান শিল্পমন্ত্রী। এতে দুই নেতা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রস্তাবিত সৌদি উন্নয়ন তহবিলের আওতায় বাংলাদেশের শিল্প খাতে সহায়তার বিষয়ে কথা হয়। শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
শিল্পমন্ত্রী সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় উভয় দেশের মধ্যে পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের অনুরোধ করেন। বাণিজ্য ডেস্ক